ইরাকে মার্কেটে হামলা, নিহত ৪২
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মাহমুদিয়া শহরে একটি মার্কেটে হামলায় কমপক্ষে ৪২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু।
হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটে ব্যাপক গোলাগুলি এবং বিম্ফোরণের ঘটনা ঘটেছে।
মাহমুদিয়া পুলিশ সূত্র জানায়, মার্কেটে প্রথমে মর্টার নিক্ষেপ করা হয়, পরে উত্তেজিত বন্দুকধারীরা দোকানে এবং বেসামরিক লোকজনের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
বাগদাদের কর্মকর্তারা জানান, গাড়ি বোমা বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে।
এদিকে মার্কেটে হামলার আগে শহরের চেক পয়েন্টে এক হামলায় তিন ইরাকী সৈন্য নিহত হয়েছে বলে সংবাদ সংস্থার খবরে বলা হয়।
রোববার বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে ইরাকের উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতু শহরের একটি ক্যাফেতে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, তুর্কি অধ্যুষিত এলাকায় শিয়া মসজিদের কাছে একটি ক্যাফেতে এই হামলা হয়।
এ ঘটনার পর তুর্কি এবং কুর্দি জনগোষ্ঠির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
গত ২৪ ঘন্টায় ইরাকে সহিংস ঘটনায় সর্বমোট ১০০ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
