লেবাননের প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা লেবাননের উপর ইসরাইলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন।
হিযবুল্লাহ কর্তৃক ইসরাইলের দুইজন সৈন্য আটকের পর ইসরাইলি বিমান ও নৌ হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে এই আবেদন জানান।
প্রধানমন্ত্রী সিনিওরা জাতিসংঘকে যুদ্ধ-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করারও অনুরোধ জানিয়েছেন। ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৮০ জন লেবাননবাসী নিহত হয়েছে, খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হিযবুল্লাহ শনিবার ইসরাইলের তিবেরিয়াস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এই হামলায় চারজন ইসরাইলি আহত হয়।
রোববার ভোরে বোমা হামলার পঞ্চম দিনে ইসরাইল আবারও বৈরুতের আল মানার টেলিভিশন স্টেশন লক্ষ্য করে বোমা হামলা চালায়।
আল মানার টেলিভিশন স্টেশন থেকে বলা হয়, ইসরাইলের বিমান এবং যুদ্ধ জাহাজ থেকে নিক্ষিপ্ত শেল বৈরুত শহরের উত্তরে বিমান বন্দরে যাবার পথে একটি সেতুতে আঘাত হানে।
বৈরুতের হারেত হ্রেইক এবং বির আল-আবেদ জেলার আবাসিক এলাকায়ও ইসরাইলি বিমান ও নৌ হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী লেবাননের বেসমারিক মানুষের জীবন বিপন্ন এবং মৃত্যুর জন্য হিযবুল্লাকে দায়ী করেছে।
