চীনের সাংঝি প্রদেশে বিস্ফোরণে নিহত ৪৩, আহত ২৮
চীনের কয়লাসমৃদ্ধ উত্তরাঞ্চলীয় প্রদেশ সাংঝির ডংঝাই গ্রামে শুক্রবার এক কৃষকের বাড়ীতে কয়লাখনির কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে ৪৩ জন খনি শ্রমিক নিহত এবং ২৮ জন আহত হয়েছে।
সাংঝির কয়লাখনিগুলোতে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য অনেকে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করে; যা থেকে প্রায়ই এ ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে এপ্রিলে সাংঝির ইয়ানপিং শহরে এক কয়লা খনির মালিকের বাড়িতে মজুদ করে রাখা বিস্ফোরকের ভয়াবহ বিস্ফোরণে ৩৩ জন নিহত হয়।
এছাড়া জুনে সাংঝি প্রদেশে সোনার খনি অবস্থিত একটি শহরে একটি পারিবারিক ওয়ার্কশপে বিস্ফোরণে ১০ জন গ্রামবাসী নিহত হয়।
চীনের সাংঝি প্রদেশের কয়লাখনিগুলো থেকে উৎপাদিত কয়লায় দেশটির মোট প্রয়োজনের এক চতুর্থাংশ চাহিদা মেটায়।
