রকেট হামলার জন্য ফিলিস্তিনকে কঠোর শাস্তি পেতে হবে: ওলমার্ট
ইসরাইলী শহর আশকেলন-এ ফিলিস্তিনের রকেট হামলার সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এই হামলাকে ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস সরকারের ইসরাইলের সাথে যুদ্ধ বাঁধানোর বড়ধরনের কৌশল হিসেবে মনে করছেন বলে জানান।
ওলমার্ট ফিলিস্তিনকে এই হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, হামাসকে এ ধরনের আক্রমণের জন্য কঠোর শাস্তি পেতে হবে।
এদিকে, গাজায় অবস্থিত ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরাইল রাতভর বিমান হামলা চালিয়েছে।
গাজায় অপহৃত ইসরাইলী সৈন্য গালিদ শালিতের মুক্তির দাবীতে ইসরাইল গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় সেনা অভিযান পরিচালনা করে আসছে।
এই নিয়ে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরাইল দ্বিতীয়বারের মতো হামলা চালালো। এই হামলায় একজন ফিলিস্তিনী আহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
স্থানীয় অধিবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরাইলী বিমান হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়সহ আশেপাশের ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিন মঙ্গলবার ইসরাইলের আশকেলন শহরে ‘কাসাম’ নামক রকেট হামলা চালালে ইসরাইল তার জের হিসেবে গাজা উপত্যকায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যালয়ে বিমান হামলা চালায়।
