২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে আল কায়েদা আবারো সন্ত্রাসী হামলা চালাবে: কিম হাওয়েল

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস দমন বিষয়ক জুনিয়র মন্ত্রী কিম হাওয়েল দেশটিতে আবারো নতুন করে সন্ত্রাসী হামলার আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

লন্ডনে পাতাল রেলে সন্ত্রাসী হামলায় ৫২ জন সাধারণ নাগরিকের মৃত্যুর এক বছর পূর্তির কয়েকদিন আগে তিনি এই আশংকা প্রকাশ করে বললেন, “আল কায়েদা বছর পূর্তি নিয়ে মাথা ঘামায়না । তাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপে সফলতা।”

সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ায় এক সংবাদ ব্রিফিং-এ গত সপ্তাহে বৃটিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিকল্পিত একটি হামলা অকার্যকর হয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে যুক্তরাজ্যে এধরনের আরো হামলা চালানো হবে বলে হাওয়েল জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আল-কায়েদার নেটওয়ার্ক সম্পর্কে তিনি আরো বলেন, “আল কায়েদার সদস্যরা তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় প্রতিবারই নতুন পদ্ধতি অবলম্বন করে। সন্দেহ এড়াতে তারা খুব সাধারণ প্রক্রিয়ার আশ্রয় নেয় এবং এভাবে বিধ্বংসী হামলা চালায়।”

সন্ত্রাসবাদ রোধ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হাওয়েল  পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসে কূটনৈতিক সম্পর্কন্নোয়নে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাদানকালে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিরোধ দূর করে মতামত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে তারা সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।