ফিলিস্তিনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ
অপহৃত ইসরাইলি সৈন্যকে মুক্তির বিনিময়ে ইসরাইলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য ফিলিস্তিন কর্তৃক বেধে দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছে।
নয়দিন আগে সীমান্তে অভিযান চালিয়ে ইসরাইলি সৈন্য কর্পোরাল গিলাদ শালিতকে গ্রেফতার করে ফিলিস্তিনি সেনাবাহিনী। এদিকে শালিতকে বন্দী করে রাখা ফিলিস্তিনি বাহিনী গত সোমবার এক বিবৃতিতে তাকে মুক্ত করার বিনিময়ে ইসরাইলে বন্দী প্রায় ১৫০০ জনের মুক্তি দাবী করে। বন্দী এ সৈন্যকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এরপর থেকেই ইসরাইল গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় মঙ্গলবার ভোরে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং কমপক্ষে একজন আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায় নিহত ব্যক্তি হামলার পরিকল্পনা করছিল।
এ ঘটনার ঠিক দুই ঘন্টা পরে গাজায় অবস্থিত একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তারা হামলা চালায়। বিভিন্ন সন্ত্রাসী বাহিনী বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করার জন্য একে ব্যবহার করত বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
গাজায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় আটজন জঙ্গী নিহত হয়েছে।
এদিকে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের আইন মন্ত্রী হেইম র্যামন বলেছেন যে শালিতের যদি কোন ক্ষতি হয় তাহলে ফিলিস্তিনে তারা আরও ভয়াবহ হামলা চালাবে।
উল্লখ্য সোমবার ফিলিস্তিনিরা ইসরাইলকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেয়। কিন্তু ইসরাইলি সরকার সে সময়সীমার প্রতি কোন প্রকার গুরুত্বই দেয়নি।
