ভারতের সাথে পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের সমর্থন
ভারতের সাথে পারমাণবিক প্রযুক্তি বিনিময় সংক্রান্ত বিতর্কিত একটি চুক্তিকে সমর্থন জানিয়েছে মার্কিন কংগ্রেস।
নতুন এ চুক্তি অনুযায়ী ভারত যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি ব্যবহার করতে পারবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ভারতের পারমাণবিক ক্ষেত্র পরিদর্শনের অনুমতি দেবে। তবে পরমাণু অস্ত্রের ক্ষেত্রগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হাউস অব রিপ্রেজেনটেটিভস ইন্টারন্যাশনাল রিলেশনস কমিটিতে ৩৭ - ৫ ভোটে চুক্তিটি পাশ হলেও কংগ্রেসে তা পাশের জন্য পাঠানো হবে।
সমর্থকরা এ চুক্তিকে সাদরে গ্রহন করলেও বিরোধীরা জানিয়েছেন যে এতে করে পারমানবিক অস্ত্রের বিস্তার কর্মকান্ড ক্ষতিগ্রস্ত হবে।
মার্চ মাসে প্রেসিডেন্ট বুশ ভারত সফরকালে এ চুক্তি চূড়ান্ত করেন।
ডেমোক্র্যাট প্রতিনিধি টম ল্যানটোস এ চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেছেন, এ চুক্তির গুরুত্ব বাড়িয়ে বলার কিছু নেই।
কিন্তু এ চুক্তির বিরোধীরা বলেছেন যে এতে করে ভারতের পারমাণবিক অস্ত্রের পরিমান বাড়তে পারে এবং ইরানের মত অন্যান্য দেশ যাদের পারমাণবিক বিষয়ে যুক্তরাষ্ট্র বিরোধীতা করেছে তাদের কাছে ভুল বার্তা পৌঁছাতে পারে।
রিপাবলিকান প্রতিনিধি জিম লিচ বলেছেন, এতে করে (এনপিটি) সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের সিনেটের ফরেন রিলেশসন কমিটিতে এ সপ্তাহে বিলটি পাশ হলে ভোটের জন্য পরে তা সিনেটে পাঠানো হবে।
উল্লেখ্য ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র চুক্তি (এনপিটি) করে তাতে স্বাক্ষর না করায় ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র ভারতকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানের এ চুক্তি ভারতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাবের সম্পূর্ণ বিপরীত অবস্থা প্রদর্শন করছে।
