২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আর্থিক সাহায্য কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

পাকিস্তান সরকার গনতন্ত্র পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকার সে দেশ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রত্যাহার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মানবাধিকার বিশেষ করে নারীর অধিকারের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, দেশের আইন-শৃংখলা ব্যবস্থা ও গনতান্ত্রিক সরকারের উন্নয়ন না ঘটায় ২০০৭ অর্থবছরে পাকিস্তানকে ৫৫০ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার প্রস্তাব করলেও যুক্তরাষ্ট্র তা কমিয়ে ৩০০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়েছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র তাসনিম আসলাম জানিয়েছেন যে এতে করে পাকিস্তানের বার্ষিক বরাদ্দে এর প্রভাব পরবে।

তাসনিম আরও বলেন যে গত বছরও যুক্তরাষ্ট্র সাহায্যের হার কমিয়ে দিয়েছিল। কিন্তু বিভিন্ন উৎস থেকে অর্থ পাওয়ায় তাদেরকে আর সমস্যার সম্মুখীন হতে হয়নি।

পাশাপাশি পাকিস্তানে মানবাধিকার লংঘন হয় এবং এই অজুহাতে সাহায্যের হার কমানোকে তিনি ’ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভ-এ বিল পাশ হওয়ার পর ২০০৭ সালে পাকিস্তানের ফরেন মিলিটারি ফিন্যান্সিং ফান্ডের বরাদ্দের পরিমানও ৩০০ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ২০০ মিলিয়ন করা হয়েছে।

উল্লেখ্য ২০০১ থেকে ২০০৫ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রায় তিন বিলিয়ন আর্থিক সাহায্য প্রদান করে। পাশাপাশি ২০০৬ সালে সীমান্ত এলাকা থেকে সন্ত্রাস দূর করার জন্য তিন বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ঘোষণাও দেয়।