পাটনায় ডাকাতের গুলিতে ১ পুলিশ কর্মকর্তা নিহত
পাটনা শহরের উত্তরে ট্রেনের মধ্যে একদল ডাকাত অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। পুলিশ সোমবার একথা জানায়।
পাটনা স্টেশনে ট্রেনে যাত্রীদের কাছ থেকে ডাকাতি করার সময় বাঁধা দিলে ডাকাত দল সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অনিল কুমার সিং-কে হত্যা করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পুলিশ জানায়, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয় ব্যক্তিকে এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, মুম্বাইগামী একটি ট্রেনের এক শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় একদল সশস্ত্র ডাকাত আক্রমন করলে এই হত্যাকান্ড ঘটে।
সাবেক এই পুলিশ কর্মকর্তা ডাকাতদের মধ্যে একজনকে ধরে ফেললে তাদের অপর সঙ্গী তাকে লক্ষ্য করে গুলি করে।
বিহারের রাজধানী পাটনায় খুবই অরাজকতা বিরাজ করছে। পুলিশ রেকর্ডের তথ্য অনুযায়ী দেখা যায়, সেখানে প্রতি দুই ঘন্টায় একটা খুন, প্রতি ছয় ঘন্টায় একটা ধর্ষণ এবং প্রতিদিনে একটি ব্যাংক ডাকাতি হয়।
