২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরু অঞ্চলগুলোর প্রতি অধিক মনোযোগ দেয়া প্রয়োজন: জাতিসংঘ

জলবায়ুর পরিবর্তন, পানির ব্যাপক চাহিদা এবং পর্যটন ব্যবস্থা পৃথিবীর মরুভূমিগুলোর পরিবেশের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মরু অঞ্চলগুলোর উপর জাতিসংঘের পরিবেশ সংস্থার ‘দি গ্লোবাল ডেজার্টস আউটলুক’ প্রতিবেদনটি বর্তমান পৃথিবীর জন্য একটি সময়োপযোগী গবেষণা বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, কৃষি প্রধান অঞ্চলগুলোতে পানির অতিরিক্ত ব্যবহারের ফলে পানির অপচয় ঘটছে।

অন্যদিকে, মরুভূমিগুলো পানিহীন ও শুষ্ক হলেও জীববৈচিত্র, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেএে বহুমুখী ভূমিকা পালন করে আসছে। মরু অঞ্চলগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে প্রভূত অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

পরিবেশবাদীরা ভূমিক্ষয় রোধ ঠেকাতে বিশ্ব পরিবেশ দিবসে মরুভূমি অঞ্চলে বৃক্ষ রোপনের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মোরিতাসের একটি পরিবেশবাদী দল দেশটির সমুদ্রপোকূলবর্তী অঞ্চলগুলোর ভূমিক্ষয় ঠেকাতে বৃক্ষ রোপনের আয়োজন করেছে। অস্ট্রেলিয়ার চার্চিলে ‘রিসাইক্লিং’ করার উদ্দেশ্যে কম্পিউটারের যন্ত্রাংশ একত্রিত করা হচ্ছে এবং জাম্বিয়ায় ‘মিস এনভাইরনমেন্ট’ প্রতিযোগিতার   আয়োজন করা হয়েছে যাতে করে মরু অঞ্চলগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়।

ভারতের ভাদোদারার পরিবেশকর্মীরা স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদের পরিবেশ ও মরুভূমি  সম্পর্কে সচেতন করে তুলতে বৃক্ষরোপন ও বালির প্রাসাদ নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছে।

‘দারিদ্র, ভূমি ব্যবস্থাপনায় অপরিনামদর্শীতা এবং জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীব্যাপী শুষ্ক অঞ্চলগুলো দিন দিন মরুভূমিতে পরিণত হচ্ছে। ফলে এসব অঞ্চলের মানুষেরা আরও দারিদ্রের শিকার হচ্ছে, বলে জাতিসংঘের মহাসচিব কফি আনান তার একটি লিখিত মন্তব্যে জানিয়েছেন।

এই রিপোর্টে উল্লেখিত আগামী ৫০ বছরের পরিবর্তনগুলোর মধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে।

জলবায়ুর পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ইসরাইলের নেভেগ মরুভূমি অঞ্চলে চিংড়ি মাছ চাষের সম্ভাবনা, একইভাবে মরুভূমির গাছ-পালা ও পশু-পাখি থেকে নতুন ধরনের শষ্য উৎপাদন ও ঔষধ তৈরি সম্ভবনা এগুলোর মধ্যে রয়েছে।

গবেষকদের মতে মরুভূমিকে সঠিকভাবে ব্যবহার করে পৃথিবীর তাপ বৃদ্ধির সমস্যাটিও রোধ করা সম্ভব হতে পারে। তারা জানিয়েছেন, সাহারা মরুভূমির ৮০০ বর্গ কিলোমিটার জায়গাতে সূর্যশক্তির মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ দিয়ে সমগ্র পৃথিবীর বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে।

কিন্তু, পৃথিবীর প্রধান ১২টি মরু অঞ্চলের বেশির ভাগেরই জলবায়ু আরও শুষ্ক হয়ে যাবে বলেও রিপোর্টে আশংকা করা হয়েছে।  এতে করে দক্ষিণ আমেরিকার মরুরক্ষাকারী হিমবাহগুলো গলে যেতে পারে।

পানির অপ্রতুলতা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মানুষের দিন দিন শুষ্ক মরুপ্রায় শহরগুলোতে বসবাস করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এসব অঞ্চলের পানি সম্পদের উপর বাড়তি চাপ পড়ছে।

এখনই উপযুক্ত কোনো পদক্ষেপ না নিলে মরু অঞ্চলের পাহাড়ী এলাকাগুলোর জলবায়ু বিনষ্ট হয়ে ৫০ বছরের মধ্যে জীববৈচিত্র্য  ধ্বংস হয়ে যাবারও আশংকা প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে।