২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫০০০ এর উপরে মৃত, তিনমাসের জরুরী অবস্থা ঘোষণা

ইন্দোনেশিয়ার রাজধানী জাভার ইয়োগাকার্তায় শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। মানবিক বিপর্যয়ের মুখে দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 11:14 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

উদ্ধারকর্মীরা সেখানে ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের দরুন সেখানে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

ইয়োগাকার্তার গভর্ণরের কার্যালয় থেকে ইয়োগাকার্তায় মৃতের সংখ্যা ৩,৪৬৩ এবং মধ্য জাভা অঞ্চলে মৃতের সংখ্যা ১,৬৭২ বলা হয়েছে।

সরকারী হিসাব মতে  ভূমিকম্পে আহতের সংখ্যা ২,১৫৫ হলেও ইউনিসেফের  মুখপাত্র জন বাড জানিয়েছেন ২০,০০০ অধিক লোক আহত হয়েছে এবং ১ লাখের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে।

রবিবার মন্ত্রণালয়ের এক বৈঠকের পর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা আগামী আগস্ট পর্যন্ত ভূমিকম্প কবলিত এলাকায় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানান।

তিনি আরো বলেন,এক বছরের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বিধ্বস্ত ঘরবাড়ি পূননির্মাণ এবং গৃহ ও আশ্রয়হীন এলাকাবাসীদের পুর্নবাসনের ব্যবস্থা করা হবে।

ইয়োগাকার্তায় প্রলয়ংকারী ভূমিকম্পে ৩৫,০০০ টিরও অধিক ঘর মাটির সাথে মিশে গেছে। সেখানে ৫০,০০০ মানুষ খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ অন্যান্য সাহায্যের অপেক্ষায় রয়েছে। ভূমিকম্পের পর থেকে ইয়োগাকার্তা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরকারী হিসাব মতে  ভূমিকম্পে আহতের সংখ্যা ২,১৫৫ হলেও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফের  মুখপাত্র জন বাড জানিয়েছেন ২০,০০০ অধিক লোক আহত হয়েছে এবং ১ লাখের বেশী লোক গৃহহীন হয়ে পড়েছে।

ভূমিকম্প দুর্গত এসব এলাকার অধিকাংশ হেলথ সেন্টার বিধ্বস্ত হয়ে পড়ায় সীমিত কয়েকটি সেন্টার এবং হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আহতদের স্থান সংকুলান হচ্ছেনা এবং হাসপাতালে কর্মীর সংখ্যা সীমিত হওয়াতে আহতদের যথাযথ চিকিৎসা প্রদান করাও সম্ভব হচ্ছেনা।

ফলে, শত শত আহতদের হাসপাতালের বাইরে মাদুর, পলিথিন বা কাগজ বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে এবং মারাত্মক আহতদের স্যালাইন গাছের ডালের সাথে ঝুলিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আর্ন্তজাতিক সম্প্রদায় ইন্দোনেশিয়ার ভূমিকম্প উপদ্রুত এলাকায় মেডিকেল টিম এবং জরুরী ত্রাণ সাহায্য পাঠানোর প্রস্তাব করেছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জাতিসংঘের একটি টিম ইতোমধ্যে ইয়োগাকার্তার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর বানতুলে এসে পৌঁছেছে। এছাড়া, জাতিসংঘ সুমাত্রার সুনামি আক্রান্ত আচেহ প্রদেশ থেকে ত্রাণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার জন্য এর কর্মকর্তাদের ভূমিকম্প দুর্গত এলাকায় পাঠিয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়ানো ইয়োগাকার্তায় তার অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন।