ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যার্থে আন্তর্জাতিক আবেদন
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যার্থে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান রেডক্রস এক কোটি মার্কিন ডলার সাহায্যের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছে।
ইউনিসেফ জানায়, রিখটার স্কেলে ছয় দশমিক দুই ডিগ্রি মাত্রার শনিবারের এই ভূমিকম্পে আক্রান্ত এলাকায় তারা জরুরি ভিত্তিতে দুই জাহার তাঁবু, নয় হাজার ত্রিপল এবং এবং কীটনাশক পাঠিয়েছে।
জাভার দক্ষিণ উপকূলে অবস্থিত ঘনবসতি পূর্ণ ইয়োগোকার্টা শহরে শনিবার ভয়াবহ এই ভূমিকম্পে প্রচুর বাড়িঘর ধ্বংস হয়। এসময় তিন হাজারেরও বেশি লোক নিহত এবং ১০ হাজারেরও বেশি লোক আহত হয়। এই এলাকায় এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ভূমিকম্পে গৃহহারা আতঙ্কিত লোকজন বাইরে রাত কাটিয়েছে। এখনও ধ্বংসস্তূপের অনেকে আটকা পড়ে আছে বলে লোকজন ধারণা করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ঘনবসতি পূর্ণ ইয়োগোকার্টা শহরে শনিবার ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার রেডক্রস জানায়, ভূমিকম্পের পর এই এলাকার প্রায় দুই লাখ লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।
ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা জানান, ভূমিকম্পে ১০ থেকে ২০ হাজার লোক আহত হয়েছে।
ইন্দোনেশিয়ার হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক লোক চিকিৎসাধীন রয়েছে। ভূমিকম্পে নিহতদের গণকবর দেয়া হচ্ছে।
ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় শহর বন্তুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইয়োগোকার্টার কর্মকর্তারা জানান, এখানে দুই হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োদোইনো তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার ভূমিকম্প আক্রান্ত এলাকা সফর করেন।
সফরকালে তিনি উদ্ধারকর্মীদের সার্বক্ষণিকভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।
২০০৪ সালের ডিসেম্বরে ভারত সাগরে ভয়াবহ সুনামি আঘাত হানলে ইন্দোনেশিয়ার তীরবর্তী এলাকার হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে।
