মিশরে ফিলিস্তিন নেতার সাথে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি মিশরের অবকাশযাপন কেন্দ্র শার্ম আল শেখ-এ রোববার এক বৈঠকে মিলিত হবেন।
এ বছর ইসরাইল এবং ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটাই দুদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক ।
ফিলিস্তিনি গোয়েন্দা প্রধানকে গাজা শহরে হত্যার চেষ্টার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফিলিস্তিনে বিরাজমান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এই বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে। সাধারণ নির্বাচনে হামাস জয়লাভ করার পর পশ্চিমা দেশ এবং ইসরাইল ফিলিস্তিনকে সাহায্য দান বন্ধ করে দেয়।
আব্বাস এই বৈঠকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফিলিস্তিনের মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে অর্থ সাহয্য এবং গ্যাস ও জ্বালানীসহ অন্যান্য সরবরাহ অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাবেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
এছাড়া আব্বাস ক্ষমতাসীন হামাস সরকারকে পাশ কাটিয়ে তার সাথে সরাসরি শান্তি আলোচনার জন্য ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবেন বলে ধারনা করা হচ্ছে।
