নেপালে ১৮ মাসের মধ্যে নতুন সংবিধান রচিত হচ্ছে
নেপালের উপপ্রধানমন্ত্রী খাজা প্রাসাদ অলি জানিয়েছেন নেপালে আগামী ১৮ মাসের মধ্যেই নতুন সংবিধান রচিত হবে।
তিনি আরো বলেন, মাওবাদী বিদ্রোহীদের প্রধান নেতা সরকারের সাথে শান্তি আলোচনায় না এলে সংবিধান রচনার এই সময় কিছুটা বর্ধিত হতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আগামী এক বছরের মধ্যে নতুন সাংবিধানিক পরিষদ গঠন করে পরবর্তী ৬ মাসের মধ্যে নেপালের নতুন সংবিধান রচিত হবে বলে তিনি আশা করছেন।
রাজা জ্ঞানেন্দ্র’র স্বৈরশাসনের পতনের পর এই প্রথম নেপালের ক্ষমতাসীন সরকার নতুন সংবিধান রচনার সময়সীমা নির্ধারণ করলো।
নেপালের সকল বিরোধীদল এবং সমাজতান্ত্রিক মাওবাদী বিদ্রোহীরা এতোদিন সেদেশের সংবিধান পরিবর্তনের দাবী জানিয়ে এসেছে। তাদের সম্মিলিত বিক্ষোভের মুখে এপ্রিল মাসের শেষে নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
