২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম বারের মতো পশ্চিমবঙ্গ সরকারের হাল ধরল বামফ্রন্ট

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আবার পাঁচ বছরের জন্যে ক্ষমতায় বসল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে পাওয়া তথ্যানুযায়ী বামফ্রন্ট পেয়েছে ২৩১ আসন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এদিকে ধরাশায়ী হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। স্থানীয়রা বলছে, ইস্যুহীন রাজনীতির কারণেই রাজ্যবাসী কার্যত দলটিকে প্রত্যাখ্যান করেছে। ২৯৩ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র ২৯টি আসন। কংগ্রেস পেয়েছে ২১টি। বিজেপি কোন আসন পায়নি। তবে আরজেডি, জেএনএফ এবং নির্দলীয়দের ঝুড়িতে গেছে ১২টি আসন। রাজ্যের মোট আসন ২৯৪টি হলেও প্রথম দফা নির্বাচনের আগে একটি আসনের প্রার্থীর মৃত্যু হওয়ার ওই আসনে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হয়।

এদিকে বামফ্রন্টের দু’জন হেভিওয়েট মন্ত্রী এবং একজন শীর্ষ নেতা হেরে গেছেন। তারা হলেন ত্রাণমন্ত্রী হাফিজ আলম সৈরানী এবং ভূমিমন্ত্রী মোহাম্মদ আমীন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দ্বীপা দাশমুন্সির কাছে মুর্শিদাবাদের গোয়ালপুকুর আসন থেকে হারেন হাফিজ আলি সৈরানী। গার্ডেনগ্রীচ আসন থেকে কংগ্রেস প্রার্থীর সঙ্গে হারেন ত্রানমন্ত্রী মোহাম্মদ আমিন। বিধানসভার হুইপ সিপিআই নেতা রবীন দেবও হেরেছেন। হারার তালিকায় আরো রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, কংগ্রেসের সুব্রত মুখার্জী এবং সিপিআইএম নেতা খল-নায়ক বিপ্লব চট্টোপাধ্যায়। বিপ্লবকে হারিয়ে জয় পেয়েছেন গত দু’বারের বিজয়ী তৃণমূল প্রার্থী নায়ক তাপস পাল।

২০০৬ এবং ২০০১ সালের দুটি বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বামফ্রন্টের ভোট বেড়েছে পাঁচ শতাংশ। ১৯৯ আসন লাভ করে ফ্রন্ট গতবার ষষ্ঠ সরকার গঠন করেছিল। এবার তারা ৩২টি আসন বেশি পেয়ে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করতে চলেছে।

বিরোধীদের বেলায় দেখা যাচ্ছে, ২০০১ সালে তৃণমূল পেয়েছিল ৬০, কংগ্রেস ২৬ এবং নির্দলীয়রা পেয়েছিলেন নয়টি আসন।

এদিকে ক্ষমতাসীন জোট বামফ্রন্টের মধ্যে সিপিআইএম এককভাবেই পেয়েছে ১৭৩টি আসন। ফন্টের অন্য শরিক সিপিআই নয়টি, আরএসপি ১৯টি এবং ফরওয়ার্ড ব্লক ২৩টি আসন পেয়েছে।

অবাধ, সুষ্ঠু এবং নজিরবিহীন শান্তিপূর্ণভাবেই পাঁচ পর্বের ভোট গ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সামনে ছাপ্পা ভোট এবং বুথ জ্যামের কোনো অভিযোগই উত্থাপিত হয়নি।

কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল নেতারা বলেছেন, মানুষ শান্তিপূর্ণ পরিস্থিতিতেই ভোট দিয়েছে। যার ভোট সে--ই দিতে পেরেছেন। তাছাড়া ভোটের দিন যে পরিমাণ নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তা দেখে দেশ--বিদেশের পর্যবেক্ষকরা বলেছেন, পরোক্ষভাবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হয়েছে। শতকরা ৮৫ হারে ভোট পড়েছে। এত বেশি হারে ভোট গ্রহণের ঘটনা পশ্চিমবঙ্গের অনেকদিনের নির্বাচনী ইতিহাসে নেই।

বামফ্রন্ট নেতারা বলছেন, ভোট বাড়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সংস্কারপন্থী মনোভাব বড় ভূমিকা রেখেছে।

অন্যদিকে সর্ব শেষ খবরে জানা গেছে, কংগ্রেস হার মেনে নিয়েছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রণব মুখার্জী রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।