২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু গবেষণায় অগ্রগতির কথা ঘোষণা করেছে ইরান

ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ঘোষণা করেছেন যে, ইরান পারমাণবিক জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় ভারী ও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সাফল্য লাভ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 10:46 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আহমেদিনেজাদ অবশ্য পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে উন্নত বিশ্বের পারমাণবিক শক্তি সম্পন্ন দেশগুলোর কাতারে এসে দাঁড়ালো।

ফেব্র“য়ারিতে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প পুনরায় শুরু হওয়ার পর জাতিসংঘ এই গবেষণা বন্ধ করার জন্য ইরানকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

জাতিসংঘের এই আদেশ অমান্য করলে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে, এমনকি বহুজাতিক বাহিনীর হামলাও হতে পারে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।

পারমাণবিক গবেষণা নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর প্রধান মোহাম্মদ এলবারাদি’র ইরান সফরকালীন সময়েই ইরান পরমাণু গবেষণায় তাদের সাফল্যের কথা ঘোষণা করলো।

পশ্চিমা বিশ্ব এখনও দাবি করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান এই অভিযোগকে অস্বীকার করে জানিয়েছে শান্তিপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পারমাণবিক প্রযুক্তিকে বেছে নিয়েছে।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পবিত্র শহর মাস্হাদ-এ আহমেদিনেজাদ জাতির উদ্দেশ্যে বলেন, “আমি সরকারিভাবে ঘোষণা করছি যে, ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে আজ উন্নত বিশ্বের পারমাণবিক প্রযুক্তি সম্পন্ন দেশগুলোর পাশে এসে দাঁড়ালো।”

ইরানি পরমাণু বিজ্ঞানীদের বাণিজ্যিকভাবে ইউরেনিয়াম উৎপাদনের আহবান জানিয়ে আহমেদিনেজাদ পশ্চিমা বিশ্বকেও ইরানকে তার ন্যায্য পারমাণবিক প্রযুক্তি চর্চার জন্য যথাযথ সম্মান প্রদর্শনের আহবান জানান।

এর আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও পারমাণবিক জ্বালানি প্রকল্পের প্রধান গোলাম রেজা আগহাজাদেহ্ জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার জন্য ১১০ টন ইউরেনিয়াম গ্যাস উৎপাদন করেছে যা গত বছরের তুলনায় দ্বিগুন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই পারমাণবিক অগ্রযাত্রার নিন্দা করে জানিয়েছে যে, ইরান এখনও ভুল পদক্ষেপ গ্রহণ করে চলেছে।