‘মারস রিকনেইস্যান্স অরবিটার’ মঙ্গলগ্রহের ছবি পাঠিয়েছে
মঙ্গলগ্রহে জীবন ও পানির সন্ধানে নাসা কর্তৃক প্রেরিত ‘মারস রিকনেইস্যান্স অরবিটার’ অতি শক্তিশালী ক্যামেরার মাধ্যমে মঙ্গলগহ পৃষ্ঠের প্রথম পরীক্ষামূলক ছবি পৃথিবীতে পাঠিয়েছে।
সাদা-কালো এসব ছবিতে মঙ্গলগ্রহের মধ্যভাগের পৃষ্ঠে বেশ কিছু গভীর খাদ ও কয়েক স্তর বিশিষ্ট ভূ-পৃষ্ঠের সন্ধান পাওয়া গেছে। পানির উপস্থিতির কারণে এসব খাদ ও স্তরের সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন মিশনের বিজ্ঞানী ও অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গ্রহ বিজ্ঞান অধ্যাপক আলফ্রেড ম্যাকইউয়িন।
ছবিগুলো মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে ১৫৪৭ মাইল উপর থেকে তোলা হয়েছে। তবে আশা করা হচ্ছে আগামি নভেম্বরে ‘মারস রিকনেইস্যান্স অরবিটার’ মহাকাশযানটি মঙ্গল পৃষ্ঠের ৫০০ মাইল উপর থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাতে পারবে।
১০ মার্চ মঙ্গলগ্রহের কক্ষপথে পবেশ করা এই মহাকাশযানটি ভবিষ্যতের গবেষনার সুবিধার্থে গ্রহ পৃষ্ঠের এক শতাংশ ম্যাপ আকারে পৃথিবীতে পাঠাবে।
পরবর্তী সাত মাসে মহাকাশযানটি মঙ্গলের বায়ুমণ্ডল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং কক্ষপথ পরিবর্তনের মাধ্যমে মঙ্গল পৃষ্ঠের ১৮৫ মাইলের মধ্যে নেমে আসবে। এতে করে ৩ ফুট দৈর্ঘ্যের যেকোন বস্তুর সঠিক চিত্র ধারণ করতে পারবে মহাকাশযানটি।
মঙ্গলগ্রহের ভূ-পৃষ্ঠের উপরিভাগের খনিজদ্রব্য এবং লুক্কায়িত বরফ বা পানির স্তরের উপস্থিতি সনাক্ত করার মতো প্রয়োজনীয় কৌশল রয়েছে এই যানটিতে।
‘এখনও পর্যন্ত আমরা ধারণা করে আসছি যে, মঙ্গলগ্রহে বরফ আকারে প্রচুর পানির উপস্থিতি রয়েছে। সেখানে পানি না পাওয়া গেলেও সেখানকার আবহাওয়া ও ভূ-পৃষ্ঠের পরিবর্তন ও গঠনের পেছনে পানির একটি বড় ভূমিকা আছে’- বলেছেন আলফ্রেড ম্যাকইউরিন।
এই মহাকাশযানের প্রধান কাজ হবে ২০০৮ সালের মে মাসে ফিনিক্স মারস ল্যান্ডার নামক যে যানটি মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করবে তার জন্য নির্দিষ্ট ‘অবতরণস্থান’ খুঁজে বের করা। মারসে বর্তমানে অবস্থানকারী ‘স্পিরিট’ ও ‘অপরচ্যুনিটি’ নামক দুইটি অনুসন্ধানী রোবটের উন্নত ও পরিবর্ধিত সংস্করণ পাঠানো হবে ২০০৯ সালে।
