হৃদরোগে আক্রান্ত হয়ে মিলোসেভিচের মৃত্যু হয়েছে : ময়নাতদন্ত রিপোর্ট
নেদারল্যান্ডে বিচারাধীন থাকাকালীন সাবেক যুগোশ্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচের ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
যুদ্ধপরাধে বিচারাধীন মিলোসেভিচ হেগের কারাগারে তার নিজস্ব সেলে শনিবার মারা যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মিলোসেভিচকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে - এই অভিযোগের ভিত্তিতে বিষক্রিয়া বিশেষজ্ঞরা তার শরীরে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তবে এই পরীক্ষার কোন কোন ফলাফল এখনও জানা যায়নি।
সোমবার মিলোসেভিচের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে বলে জাতিসংঘের ট্রাইব্যুনালের একজন কর্মকর্তা জানান।
ট্রাইব্যুনাল জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে পেতে হলে আরও একদিন সময় লাগবে। তবে প্রাথমিক রিপোর্টে এটা স্পষ্ট যে, মিলোসেভিচ হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন। ৬৪ বছর বয়স্ক ‘বলকানের কসাই’ হিসেবে খ্যাত মিলোসেভিচ হৃদরোগে ভুগছিলেন বলে ট্রাইব্যুনাল আরও জানায়।
মিলোসেভিচ চিকিৎসার জন্য আদালতের কাছে মস্কো যাওয়ার অনুমতি চাইলেও হেগের আন্তর্জাতিক আদালত মিলোসেভিচের ফিরে না আসার শঙ্কায় সে অনুরোধ নাকচ করে দেয়।
জাতিসংঘের প্রধান কৌঁসুলী কারলা ডেল পল্টে মিলোসেভিচের মৃত্যুর ব্যাপারে কোন গুজবে কর্ণপাত না করার ব্যাপারে সতর্ক করে বলেছেন, বিষক্রিয়ায় মিলোসেভিচের মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে রিপোর্ট তৈরি হতে আরও একদিন সময় লাগবে।
