আকাশে উড়বার নতুন রেকর্ড গড়লেন স্টিভ ফসেট
৭৬ ঘন্টা টানা বিমান চালিয়ে ২৬,৩৮৯ মাইল পথ অতিক্রম করে আকাশে উড়বার নতুন রেকর্ড গড়লেন ৬১ বছর বয়স্ক দু:সাহসী বৈমানিক স্টিভ ফসেট।
ইতিপূর্বে একটানা উড়বার রেকর্ডটি ছিল ২৪,৯৮৭ মাইলের।একটি মাঝারি হালকা পরীক্ষামূলক বিমান চালিয়ে স্টিভ এই অনবদ্য রেকর্ড গড়লেন।
কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার বিমানটি উড্ডয়নের সময় তেলের ট্যাংকারে ছিদ্র হয়ে যায় এবং বিমানটি প্রায় রানওয়ের বাইরে ছিটকে পড়ে।পরে বিমানের আরও যান্ত্রিক ত্রুটির কারনে স্টিভ দক্ষিন ইংল্যান্ড বর্নমাউথ আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণে বাধ্য হন।
এরপর ভারতের আকাশে উড়বার সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে তার বিমানটি প্রায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়ে। স্টিভ জানালেন এ সময় তিনি প্যারাসুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন।
স্টিভ এই নতুন রেকর্ডের মাধ্যমে ১৯৮৬ সালে বৈমানিক ডিক রুটান ও জিয়ানা ইয়াগারের একটানা ২৪,৯৮৭ মাইলের উড়ার রেকর্ডটি অতিক্রম করে গেলেন।
১৯৯৯ সালে ব্রায়ান জোন্স ও বাট্রান্ড পিকার্ডের বেলুনে করে একটানা ২৫,৩৬১ মাইল উড়বার রেকর্ডটিও তিনি ভেঙ্গে ফেললেন।
স্টিভ ফসেট ইতিপূর্বে একা একটি বেলুনে পৃথিবী ভ্রমন করে বিশ্বরেকর্ড করেছিলেন। এবার তিনি একটানা ৭৬ ঘন্টা বিমান চালিয়ে আকাশে উড়ার দুটি অনবদ্য বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন।
