উপসাগরে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর আর্জি
উপসাগরীয় অঞ্চলে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাতে পেন্টাগনকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনার দায়িত্বে নিয়োজিত মার্কিন কমান্ড। সিরিয়া ও ইরানকে হুশিয়ারি জানাতে সেখানে এই রণতরীর প্রয়োজনীয়তার কথা বলেছে তারা।
একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বুধবার এই তথ্য জানান।
নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা বলেন, আগামী মার্চ মাসের মধ্যেই বিমানবাহী রণতরী পাঠানোর তাগিদ দিয়ে ওই রণতরী ও বিমানবহরকে যুদ্ধকালীন প্রস্তুতিতে পরিচালনার ক্ষমতা দেওয়ার অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত সেন্ট্রাল কমান্ড। তিনি বলেন, “এই বহরকে উপসাগরে টহল দেওয়ার মাধ্যমে তারা একটি বার্তা পাঠাতে চায়।” সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জন আবিজায়েদের এই অনুরোধ জানিয়েছেন।
তবে এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অব স্টাফ এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনি জানান।
এদিকে সিবিএস নিউজ সোমবার জানায়, তেহরান যাতে পারমাণবিক কর্মসূচি নিয়ে না এগোয় এবং ইরাকি শিয়া জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করে সেই উদ্দেশ্যে হুশিয়ারি জানাতে উপসাগরে এই নৌশক্তি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সিরিয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
প্রসঙ্গত, উপসাগরে আগে থেকেই আরেকটি মার্কিন রণতরী ‘আইজেনহাওয়ার’ ও এর বিমানবহর মোতায়েন রয়েছে।
