ইরাকে সৈন্য সংখ্যা বাড়ানোর ঘোষণা দিলেন বুশ
ইরাকে স্বল্প মেয়াদে সৈন্য সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। বুধবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন।
একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রেসিডেন্ট বুশ বলেন,“ আমি মনে করি ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যর সংখ্যা সাময়িকভাবে হলেও বাড়ানো দরকার। তাই সৈন্য সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমি মনস্থির করেছি।”
তিনি বলেন, “ইরাক নিয়ে সব বিকল্প পর্যালোচনা করেই এ সিদ্ধান্তে এসেছি। শুধু ইরাকে নয়, সার্বিকভাবেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। কারণ এখন বিশ্বব্যাপী আমাদের চরমপন্থার মোকাবেলা করতে হচ্ছে। দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে জয়ী হতে হলে আমাদের নিজেদের শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। তাই বাড়াতে হবে সেনাবাহিনী ও মেরিন সেনাদের সংখ্যা।”
ইরাক স্টাডি গ্রুপের প্রতিবেদনেও স্বল্প মেয়াদের জন্য ইরাকে সৈন্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল। প্রেসিডেন্ট বুশ আগামী মাসেই ইরাকে নতুন কৌশল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
