সাক্ষ্য দিতে আদালতে ডাকা হবে চেনিকে
নিজের সাবেক চিফ অব স্টাফ লিউইস লিব্বির বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে ডাকা হবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে।
যুক্তরাষ্ট্রের এক সরকারি আইনজীবী মঙ্গলবার এ কথা জানান।
সংক্ষেপে ‘স্কুটার’ লিব্বি নামে পরিচিত লিউইস লিব্বির বিরুদ্ধে ২০০৩ সালে সিআইএর এক এজেন্ট ভালেরি প্লামের ‘পরিচয় ফাঁস মামলায়’ মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়।
দায়িত্বরত কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ‘ফৌজদারি মামলায়’ সাক্ষ্য দেওয়া হয়তো এটাই প্রথম। যদিও দায়িত্বরত অবস্থায় প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জেরাল্ড ফোর্ডও আদালতে সাক্ষ্য দিয়েছিলেন।
আগামী ১৬ জানুয়ারি ওই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। মামলায় সরকারি পক্ষের আইনজীবী থিওডর ওয়েলস মঙ্গলবার এক শুনানির সময় বলেন, “আমরা ভাইস প্রেসিডেন্টকে ডাকতে যাচ্ছি।”
‘ইরাক আগ্রাসনকে বৈধতা দেওয়ার জন্য গুপ্তচরবৃত্তিকে কলুষিত করছে বুশ প্রশাসন’-সিআইএর গুপ্তচর ভালেরি প্লামের কূটনীতিবিদ স্বামী সাবেক রাষ্ট্রদূত জোসেফ উইলসন বুশ প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ আনার পর ভালেরির ‘গুপ্তচর পরিচয়’ ফাঁস করে দেওয়া হয়।
কে বা কারা তার পরিচয় ফাঁস করেছিল বিষয়ক মামলায় জিজ্ঞাসাবাদের সময় চেনির সাবেক ঘণিষ্ট সহযোগী লিব্বি আদালতে মিথ্যা সাক্ষ্য দেন।
