ইরাকে মার্কিনীদের সপ্তাহে ব্যয় ১২০ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ-ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গত অর্থ বছরে যার পরিমাণ ছিল ১২০ বিলিয়ন ডলার। অক্টোবরে শুরু হওয়া এ অর্থ বছরেও ব্যয়ের পরিমাণ ওই রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এর পরিমাণ ১১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
ইরাকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে সপ্তাহে এখন গুনতে হচ্ছে ২ শ’ কোটি ডলার। হোয়াইট হাউসের বাজেট পরিচালক রব পোর্টম্যান মঙ্গলবার সাংবাদিকদের এতথ্য জানান।
২০০৩ সালে যুদ্ধ শুরুর পর চলতি বছর অর্থাৎ ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় মার্কিন যুদ্ধ ব্যয়। এর পরিমাণ ছিল ১২০ বিলিয়ন ডলার।
অক্টোবর থেকে শুরু হওয়া ২০০৭ সালের অর্থ বছরে আমেরিকার সার্বিক বাজেট ঘাটতি খানিকটা কমবে বলেও জানান পোর্টম্যান । রাজস্ব আয় বাড়ার কারণে এই বাজেট ঘাটতিও কমে আসবে বলে মনে করেন তিনি।
বুশের ইরাক যুদ্ধনীতির প্রতি জনসমর্থন ক্রমাগত কমতে থাকলেও যুদ্ধব্যয়ের পরিমাণ বেড়েই চলেছে। ইরাকে নতুন করে আরো ২০,০০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বুশ। নতুন সেনা পাঠানোয় ব্যয়ের পরিমাণ কি দাঁড়াবে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি রব পোর্টম্যান।
