ব্লেয়ার ইরাকে, মালিকির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ
দেশ পরিচালনায় ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন টনি ব্লেয়ার। একই সঙ্গে দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মালিকি সরকারের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। রোববার তিনি ইরাক পৌঁছেন। বাগদাদে সংবাদ সম্মেলনে টনি ব্লেয়ার বলেন, “নিজ দেশের দায়িত্ব নেওয়ার সক্ষমতা অর্জনে আমরা ইরাকের সরকার তথা জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
তিনি ঘোষণা দেন, যতদিন প্রয়োজন ঠিক ততদিনই ব্রিটিশ সেনারা ইরাকে থাকবে, এর বেশি নয়।
তিনি বলেন, “নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। ইরাক পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ও নিরাপত্তা বাহিনীর সামর্থ্য বৃদ্ধির প্রশ্নে আমাদের মধ্যে মতভেদ নেই। ইরাকে গোত্র যুদ্ধ আমরা কেউই দেখতে চাই না।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক ও স্থিতিশীল ইরাক আমাদের সবারই প্রত্যাশা। ইরাকি জনগণ আশ্বস্ত হতে পারেন এই ভেবে যে সন্ত্রাস এখনো এখানে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারেনি। ”
সাংবাদকদের এক প্রশ্নের জবাবে টনি ব্লেয়ার বলেন, “ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ অঞ্চলের সব দেশকে সহযোগিতার হাত বাড়াতে হবে। ইরাকি সরকারের পাশে দাঁড়াতে হবে।” এ ক্ষেত্রে ইরান ও সিরিয়া যথাযথ ভূমিকা পালন করছে না বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিযোগ করেন।
ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে আরো জোরদার করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই অঞ্চল সফর করছেন। ইরাকের আগে তিনি তুরস্ক, মিশর সফর করেন। ইসরায়েল ও ফিলিস্তিনেও তার যাওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ যখন ইরাক নিয়ে নতুনভাবে ভাবতে চাইছেন, তখনি টনি ব্লেয়ার এ সফর করছেন।
