সিরিয়াল কিলারকে ধরতে ব্রিটেনে জোর তৎপরতা
পাঁচ তরুণীর হত্যাকারীকে খুঁজে বের করতে ব্রিটিশ পুলিশ নিখোঁজ হওয়ার সময় তরুণীদের পরনে থাকা পোশাক পরীক্ষা করা শুরু করেছে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় ইপসউইচ শহরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে ১৪ বছর আগে নিহত এক যৌনকর্মীর মা বলেছেন, তার মেয়েই হয়তো এই ‘সিরিয়াল কিলার’-এর প্রথম শিকার হয়েছিল।
পাঁচটি লাশের মধ্যে পরে উদ্ধার করা যে দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাদের একটির ময়না তদন্তের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের প্রধান সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট গাল।মেয়েটির পরিচয় জানানোও সম্ভব হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার উদ্ধার করা অপর লাশটিও পরীক্ষা করা হচ্ছে। পুলিশ আশঙ্কা করছে এই দুটি লাশ যৌনকর্মী পাওলা ক্লেনেল (২৪) ও আনেট নিকোলসের (২৯) হতে পারে। পাওলা শনিবার থেকে এবং আনেট এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।
ব্রিটিশ গোয়েন্দারা এর আগে উদ্ধার করা তিনই লাশই শনাক্ত করেছেন। তিনজনই যৌনকর্মী।
বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাতকারে গাল বলেন, “ইপসউইচের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় ওই মেয়েদের যে পোশাক পাওয়া যায়, তা আমরা পরীক্ষা করে দেখছি কোন সূত্র খুঁজে পাওয়া যায় কিনা।” তিনি আরও বলেন,“ওই মেয়েদের শেষ কোথায় কোথায় দেখা গেছে এবং কে কোন পোশাক পরে ছিল তাও জানার চেষ্টা করছি আমরা।”
নিহতদের একজন, আনেলি আলডারটনকে বৃহস্পতিবার একটি নীল রঙয়ের বিএমডব্লিউ গাড়ীতে করে যেতে দেখেছেন বলে লো নামে এক যৌনকর্মী জানিয়েছেন।
১৯৯২ সালে ইপসউইসের ৫০ মাইল দূরে নরউইচে নিহত ১৬ বছর বয়সী নাটালির মা লিন পিয়ারম্যান দ্যা ডেইলি মেইলকে বলেছেন, তার মেয়ের হত্যার সাথে সাম্প্রতিককালের এ হত্যাকান্ডের যোগসূত্র থাকতে পারে।
ডিসেম্বরের ২ তারিখে একটি জলাশয়ের ভেতর সর্বপ্রথম জেমা এ্যাডামসের (২৫) লাশ পাওয়া যায়। এরপর একই জলাশয় থেকে ডিসেম্বরের ৮ তারিখে ডুবুরিরা তানিয়া নিকোলের (১৯) লাশ উদ্ধার করে। রোববার আনেলি আল্ডারটনের লাশ উদ্ধার করা হয়।
