ক্রেতার আস্থা সংক্রান্ত জরিপে শীর্ষে ভারত
বিশ্বের সবচেয়ে ইতিবাচক মনোভাবাপন্ন ক্রেতা হলেন ভারতীয়রা। এর পরেই আছেন নরওয়ে ও ডেনমার্কের ক্রেতারা। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সাবধানী জাপানিরা।
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান এসিনিয়েলসেনের বুধবার প্রকাশিত এক জরিপের ফলাফল থেকে এমনটাই জানা গেছে।
প্রতিষ্ঠানটির ‘বিশ্ব ক্রেতা আস্থা সূচক (গ্লোবাল কনজুমার কনফিডেন্স ইনডেক্স)’ শীর্ষক ওই জরিপে সারা বিশ্বের ৪৬টি দেশের ক্রেতাদের ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা হয় আগামী ছয় মাসে এসব দেশের ক্রেতাদের আস্থা কেমন থাকবে।
অক্টোবরের শেষে ও নভেম্বরের প্রথমার্ধে ২৪ হাজারেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর ওপর পরিচালিত ওই জরিপ অনুযায়ী ভারত, নরওয়ে ও ডেনমার্কের প্রাপ্ত নম্বর যথাক্রমে ১৩৭, ১৩৪ ও ১২৯।
ভারতের ক্রমবর্ধিষ্ণু অর্থনীতি দেশটির ক্রেতাদের এ পর্যায়ে আসতে সাহায্য করেছে বলে এসিনিয়েলসেন জানাচ্ছে।
তবে এশিয়ার অন্য বর্ধিষ্ণু অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনের অবস্থান ওই তালিকার বেশ নিচের দিকে। দেশটির প্রাপ্ত নম্বর ১০৫ যা ওই সূচকের গড় ৯৯ থেকে সামান্য বেশি।
ওই সূচকে জাপানের প্রাপ্ত পয়েন্ট ৭১। অর্থাৎ দেশটির ক্রেতারা যেকোনো পণ্য দরদাম করার ক্ষেত্রে নেতিবাচক মনোভাব দিয়ে শুরু করেন।
এর কারণ হিসেবে দেশটির মন্দা কাটিয়ে ওঠা অর্থনীতি আদৌ টিকে থাকবে কিনা সে নিয়ে ক্রেতাদের সন্দেহ থাকাকেই দায়ি করেছে এসিনিয়েলসেন।
তবে ওই তালিকায় জাপানের অবস্থান তৃতীয় এবং তাদের ছাড়িয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল।
ওই তালিকায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো অবশ্য বেশ ভালো অবস্থানে আছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের অবস্থান গড় প্রাপ্ত নম্বরের ওপরে রয়েছে।
উল্লেখ্য, এসিনিয়েলসেন ২০০৫ সালের প্রথমদিকে দ্বি-বার্ষিক এই জরিপ চালু করে।
