আগামী বছরের আগে আসছে না বুশের নতুন ইরাক নীতি
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নতুন ইরাক নীতি আগামী বছরের আগে আসছে না। এ মাসের শেষে ‘বড়দিনের’ আগেই তা ঘোষণা করার কথা থাকলেও হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে যে, আগামী বছরের আগে এ নীতি ঘোষণা করছেন না বুশ।
যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠা ইরাক যুদ্ধে মার্কিন নীতি পরিবর্তনের জন্য সরকারের ভেতরে বাইরে চাপের মুখে রয়েছে বুশ প্রশাসন। বিশেষত কংগ্রেসে ডেমোক্রেটদের বিজয়ের পর বিষয়টি অনিবার্য হয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত নতুন কৌশল চূড়ান্ত করতে না পারায় নতুন নীতির ঘোষণা দিচ্ছেন না বুশ।
হোয়াইট হাউস মুখপাত্র টনি স্নো বলেছেন, সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর নতুন নীতির কথা ঘোষণা করবেন বুশ। এটা আগামী বছর করা হবে, হয়তো জানুয়ারি মাসেই।
তিনি বলেন, সত্যি বলতে কি... এ নীতি তৈরির কাজ এখনও শেষ হয়নি।
ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক কমান্ডারদের সঙ্গে মঙ্গলবার এক ‘ভিডিও কনফারেন্স’ এ অংশ নেন বুশ। হোয়াইট হাউসে বুশের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য এবং ভাবি প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও এতে অংশ নেন।
মুখপাত্র স্নো বলেন, বুশ চাইছেন সম্ভাব্য বিকল্পগুলো ভেবে দেখুক রবার্ট গেটস। আগামী সপ্তাহেই তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেবেন। ফলে গেটসের মতামত শুধু মূল্যবান নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণও। কারণ নতুন পরিকল্পনার বড় অংশটি তাকেই বাস্তবায়ন করতে হবে।
স্নো বলেন, “অনেকগুলো বিষয়কে একত্র করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন বুশ। কারণ, আমেরিকান জনগণের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাকে। এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ইরাক যুদ্ধ জয়ের বিষয়ে আপনার পরিকল্পনাটি কি?”
