ভারতের সঙ্গে পরমাণু চুক্তি বিলে বুশের স্বাক্ষর সোমবার
ভারতের কাছে পরমাণু চুল্লি ও জ্বালানিসহ অন্যান্য স্পর্শকাতর সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে কংগ্রেসে অনুমোদিত বিলটিতে আগামী সোমবার স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
শনিবার বিলটিকে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। বুশ প্রশাসন এবং তার মিত্রদের মতে এ চুক্তি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্র বাড়াবে এবং শত শত কোটি ডলারের ব্যবসার সুযোগ সৃষ্টি করবে। সমালোচকরা বলছেন, এ আইনটি পরমাণু অস্ত্র-বিস্তার রোধে মার্কিন প্রচেষ্টাকে খাটো করবে।
কিন্তু বিলটি পাসে ভূমিকা রাখা কংগ্রেস নেতারা বলেছেন, ভারতকে কব্জায় রাখার জন্য কিছু বিধান রাখা হয়েছে এ বিলে। ভারত যদি ১৯৯৮ সালের মতো আবারও কোন পরমাণু পরীক্ষা চালায় তাহলে রপ্তানি বন্ধ করে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারত বলেছে, মার্কিনিদের সঙ্গে এ চুক্তি অগ্রগতির পথে একটি বড় পদক্ষেপ কিন্তু কংগ্রেসের বেঁধে দেওয়া শর্ত নিয়ে তারা উদ্বিগ্ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি পার্লামেন্ট ভাষণে বলেন, আইনটির মধ্যে এ ধরনের বিধিনিষেধমূলক শর্ত সংযোগের বিষয়টি বিবেচনা করে দেখছে ভারতের সরকার।
