২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়াদের বিরুদ্ধে লড়তে ইরাকি সুন্নিদের তহবিল দেবে সৌদি

ইরাকে শিয়াদের বিরুদ্ধে লড়তে সুন্নিদের তহবিল যোগাবে সৌদি আরব। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে সুন্নিদের এ সহায়তা দেয়ার কথা বুশ প্রশাসনকে জানিয়েছে দেশটি। মার্কিন ও সৌদি কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এ তথ্য জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 12:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পত্রিকাটি বলছে, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সফরকালে সৌদি বাদশাহ আবদুল্লাহ তাকে একথা জানান। এসময় শিয়াপ্রধান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার বিপক্ষে কঠোর মনোভাব ব্যক্ত করেন সৌদি বাদশাহ। সৌদি নেতা ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্যও ওয়াশিংটনকে তাগিদ দেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে শিয়ারা সেখানকার সংখ্যালঘু সুন্নিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের নিঃশেষ করে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সৌদি আরব। এ আশঙ্কায় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারেরও তীব্র বিরোধিতা করেছে দেশটি। ইরাকে হস্তক্ষেপ না করার সৌদি প্রতিশ্রুতি কেবল সেখানে মার্কিনিদের উপস্থিতি পর্যন্তই বহাল থাকবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এর আগে সোমবার এক কূটনীতিককে বরখাস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল-ফয়সাল পদত্যাগ করেছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। সৌদি সরকারের এক নিরাপত্তা উপদেষ্টা নাওয়াফ ওবায়েদ ওয়াশিংটন পোস্টে লেখা এক কলামে, শিয়াদের বিরুদ্ধে লড়তে সৌদি সরকারের পক্ষ থেকে ইরাকি সুন্নিদের অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়ার কথা বলেন। ইরানের শিয়া শাসকদের কোনঠাসা করতে সৌদি আরব তেলের দাম কমিয়ে দিতে পারে বলেও মতামত দেওয়া হয় ওই কলামে। এ ঘটনায় নাওয়াফকে বরখাস্ত করেন প্রিন্স তুর্কি। পরে তার স্টাফদেরকে নিজের পদত্যাগের কথা জানান প্রিন্স তুর্কি।