সাদ্দামের ভাইপো পালানোর ঘটনায় কারা রক্ষক গ্রেফতার
জেল থেকে সাদ্দাম হোসেনের ভাইপো আয়মান আল সাবায়ির পালানোর ঘটনায় কারারক্ষক ও সহকারী কারারক্ষককে রোববার গ্রেফতার করা হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করছে ওই ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আবদুল করিম খালাফ বলেন, বন্দি কিভাবে পালিয়ে গেল তা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কারারক্ষক ও সহকারী কারা রক্ষককে গ্রেফতারের আদেশও দেওয়া হয়। তিনি জানান, এর আগেও একবার আয়মান পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর কারারক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, আয়মানকে পুনরায় গ্রেফতারে মসুলে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
সাদ্দামের সৎ ভাই ইব্রাহিম আল-তিকরিতির ছেলে আয়মান আল-সাবায়ি শনিবার মসুল শহরের উত্তর পশ্চিমাঞ্চলে বাদুশ কারাগার থেকে শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে পালিয়ে যান।
২০০৪ সালে মসুল থেকে সাবায়িকে গ্রেফতার করা হয়। বিদ্রোহীদের অর্থ জোগানোর জন্য তার ছয় বছর জেল হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে অনেক মামলা বিচারধীন।
