২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের অস্ত্র জমার আগে অন্তর্বর্তী সরকার নয়: কৈরালা

নেপালের মাওবাদীরা তাদের অস্ত্র জাতিসংঘের তত্ত্বাবধানে জমা দেওয়ার পরই কেবল রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের যোগ দিতে পারবে-সোমবার একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

“জাতিসংঘের পরিদর্শনে অস্ত্র সমর্পণের পরই মাওবাদী গেরিলাদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। একটি অন্তর্বর্তীকালীন পার্লামেন্টও তখন গঠিত হবে” নেপাল টেলিভিশনে দেওয়া ভাষণে একথা বলেন ৮৫ বছর বয়স্ক কৈরালা। তিনি আরো বলেন, নেপালে রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ এবং নতুন সংবিধান রচনায় বিশেষ একটি গণপরিষদ গঠনের লক্ষ্যে ২০০৭ সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত মাসে নেপাল সরকার এবং মাওবাদী গেরিলাদের মধ্যে একটি ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বহুল প্রতিক্ষিত এই শান্তিচুক্তিটি দেশটির অভ্যন্তরে শান্তি ও স্বস্তির বারতা বয়ে আনবে বলে আশা করছেন সকলে।

বিশেষ করে নেপালে রাজতন্ত্রের বিলোপ সাধনে আন্দোলনরত মাওবাদীরা পরবর্তী সময়ে নিয়মতান্ত্রিক সরকারের সাথে শান্তিচুক্তিতে স্বাক্ষর করায় দেশটিতে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে আশার সঞ্চার হয়েছে।

শান্তি চুক্তি অনুযায়ী মাওবাদী বিদ্রোহীরা তাদের অস্ত্রশস্ত্র জাতিসংঘের তত্ত্বাবধানে জমা দেওয়াসহ যোদ্ধাদের গতিবিধি সীমাবদ্ধ রাখবে। চুক্তির এই শর্ত বাস্তবায়িত হওয়ার পরই মাওবাদীরা অন্তর্বর্তী সরকারের সাথে যোগ দিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন কৈরালা।

তবে অস্ত্র সংরক্ষণ বিষয়ক অনিশ্চয়তা এবং মাওবাদী গেরিলা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে শুরু হওয়া ক্ষমতার লড়াইয়ের কারণে পহেলা ডিসেম্বরের মধ্যে মাওবাদীদের সরকারে যোগ দেওয়া হয়নি ।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, সংস্থার প্রায় ৩৫ জনের একটি পরিদর্শকদল এই মাস থেকেই মাওবাদীদের অস্ত্র জমা দেওয়া কর্মসূচি পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করবে। তবে তদারকি প্রক্রিয়াটি পুরোপুরি শুরু হতে আরো কিছু সময়ের দরকার হবে।