রাশিয়ায় আবারো হাসপাতালে আগুন, নিহত ৯
রাশিয়ার আরো একটি হাসপাতালে শনিবার রাতে আগুন লেগে মারা গেছে নয় জন। পশ্চিম সাইবেরিয়ার এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছে ১৬ জন।
স্থানীয় পত্রিকাগুলো রোববার এ খবর জানিয়েছে।
এর মাত্র একদিন আগেই মস্কোয় একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৪৫ জন নারী মারা যায়।
আগুন লাগার সময় পশ্চিম সাইবেরিয়ার কেমোরোভো প্রদেশের ওই হাসপাতালে মোট ২২৩ জন রোগী ও সাত জন কর্মকর্তা-কর্মচারী ছিল। আগুন ছড়িয়ে পড়লে দ্রুত রোগীদের সরিয়ে নেয়া হয়। তাদের সাময়িকভাবে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন।
এদিকে মস্কোয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
