ইরাক সুপারিশমালার সব মানতে নারাজ বুশ
ইরাক স্টাডি গ্রুপের সুপারিশমালা কাটছাট না করে প্রায় পুরোপুরি বাস্তবায়নের জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের প্রস্তাব শুক্রবার নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস।
এর আগে বৃহষ্পতিবার ‘দ্য সিনেট আর্মড সার্ভিসেস কমিটি’র সঙ্গে আলোচনায় স্টাডি গ্রুপের সুপারিশমালা খুব একটা কাটছাট না করে প্রায় পুরোপুরি বাস্তবায়ন করার জন্য প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানান বেকার। তিনি বলেন, ইরাকের জন্য একটি সর্বাত্মক কৌশল গ্রহণের লক্ষ্যে ৭৯ টি সুপারিশের সবগুলি না হলেও অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করা উচিৎ প্রেসিডেন্ট বুশের। তিনি বলেন, ‘এ সুপারিশমালা কোন ফলের সালাদ নয় যে বুশ বলবেন, আমি এটা পছন্দ করি কিন্তু ওটা পছন্দ করি না’।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, বেকার এবং সাবেক ডেমোক্রেট কংগ্রেসম্যান লি হ্যামিলটনের নেতৃত্বে ইরাক স্টাডি গ্রুপের রিপোর্টটি বিবেচনা করে দেখবেন প্রেসিডেন্ট বুশ। কিন্তু শুধু ওই রিপোর্টের ভিত্তিতে নয় পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টের সঙ্গে মিলিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন তিনি।
আরেক হোয়াইট হাউস মুখপাত্র টনি øো বলেছেন, “কমান্ডার ইন চিফ হিসেবে যেমন সবার পরামর্শ, সব বিশ্লেষণ বিবেচনা করার বাধ্যবাধকতা আছে প্রেসিডেন্ট বুশের তেমনি সবকিছু বিবেচনার পর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আছে তার। তিনি মনে করিয়ে দেন যে, ক্যাপটল হিলে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটরা কেউই ওই রিপোর্টকে পুরোপুরি গ্রহণ করেননি।
ইরাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বুশের জনসমর্থন আরো কমে এসেছে নিজ দেশে। এপি-ইপসসের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে নভেম্বর মাসে ৩১ শতাংশ মানুষ বুশকে সমর্থন করলেও তা আরো কমে এখন মাত্র ২৭ শতাংশে নেমে এসেছে।
