চীন নিয়ে এখন উৎসাহ পশ্চিমা বিনিয়োগকারীদেরও
পাঁচ বছর আগে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সদস্য হওয়ার পর থেকে বাণিজ্য বাধা নিয়ে ইউরোপ কিংবা আমেরিকার সঙ্গে চীনের লেগেই রয়েছে।
পাশাপাশি নকল পণ্য তৈরির অভিযোগেও দেশটির সমালোচনা হয়েছে বিস্তর।
কিন্তু এর মধ্যেই চীন সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটছে ব্যবসায়ীদের। বিনিয়োগের জন্য আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেই চীনকে এখন দেখছেন তারা।
বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার পর চীন আমদানি শুল্ক শতকরা ১৫ দশমিক তিন থেকে কমিয়ে নয় দশমিক ৩৩ ভাগ করে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের দ্বারও খুলে দেয়।
চীনে ইউরোপীয় চেম্বার অফ কমার্সের নির্বাহী পরিচালক জর্জিও ম্যাজিস্ট্রেলি বলেন, “একটি গাছের পতনের শব্দ একটি বনের বেড়ে ওঠার চেয়ে বেশিই হয়। চীনের ক্ষেত্রে এ কথাই প্রযোজ্য। কিছু কিছু সীমাবদ্ধতা থাকলেও সেখানে চমৎকার পরিবেশ গড়ে উঠছে। তাছাড়া পরিস্থিতি উন্নয়নের তাগিদ ও সুযোগ দুটোই রয়েছে তাদের।”
চীনের সময়ানুবর্তীতার প্রশংসা করে আমেরিকান চেম্বার অফ কমার্সের বোর্ড অফ গভর্নর্সের সদস্য টেরেসা উডল্যান্ড বলেন, “চীনের একটি বিষয় খুব ইতিবাচক। তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্পিত কাজ সম্পন্ন করে।”
এদিকে বাণিজ্য বাধা দূর করতে চীন আরও পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেমস অ্যাডামস।
চীনের অর্থমন্ত্রী বো জিলাই গত সপ্তাহে বিজনেস হেরাল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগ দেওয়া একটি মাইলফলক। এতে শুধু চীনই নয়, গোটা বিশ্বই উপকৃত হয়েছে।”
বিশ্ব ব্যাংকের হিসেব মতে, ২০০১ সালে বিশ্বে বাণিজ্য প্রবৃদ্ধিতে চীনের অবদান ছিল শতকরা ২১ ভাগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর পরিমাণ ছিল ২৯ ভাগ।
ওই সময় চীনে দারিদ্র্য সীমার নিচে বাস করত শতকরা ১৬ ভাগ লোক। অথচ, ২০০৪ সালে সেটা কমে দাঁড়ায় ১০ ভাগে। এর পেছনে মূল অবদান রেখেছে যে বিষয়টি সেটা হলো চীনের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে যোগদান।
