পাকস্থলীর ক্যান্সার আক্রান্তদের অর্ধেকই চীনা
পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর সারা বিশ্বে বহু লোক মারা যায়। আর তাদের অর্ধেকই হচ্ছে চীনের অধিবাসী।
চীনাদের অত্যধিক আচার বা কাসুন্দি প্রীতি, স্মোকড ফুড এবং ধূমপানে আসক্তি পাকস্থলী ক্যান্সারের প্রধান কারন, জানিয়েছে সিনহুয়া সংবাদ সংস্থা।
প্রতিবছর এই ক্যান্সারে চীনে প্রায় তিন লাখ লোক মারা যায়। নতুন করে আক্রান্ত হয় ৪ লাখ।
পিকিং ইউনিভার্সিটির চিকিৎসক জিন মাওলিন জানান, পাকস্থলী ছাড়াও ফুসফুস ও যকৃতের ক্যান্সারে চীনে প্রতিবছর বহু লোক মারা যায়। তিনি বলেন, পঞ্চাশোর্ধ পুরুষদের পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি বেশি হলেও নারীদের ক্ষেত্রেও এই ঝুঁকি একেবারে কম নয়। বিশেষ করে প্রত্যন্ত বা গ্রামীণ এলাকায় গত পাঁচ বছরে পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পাকস্থলীর ক্যান্সার থেকে বাঁচতে হলে তার পরামর্শ হচ্ছে: প্রথমেই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে চীনাদের প্রিয় আচার ও লবণবহুল খাদ্য। এছাড়া, কমাতে হবে ধূমপান বা মদ্যপানের অভ্যাস। আর বাড়িয়ে দিতে হবে কাঁচা ফলমূল ও সবজি খাওয়ার পরিমাণ।
