বিপুল ভোটে আবারও বিজয়ী শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে আবারো নির্বাচিত হতে চলেছেন হুগো শাভেজ। কট্টর মার্কিনবিরোধী হিসেবে সারাবিশ্বে পরিচিত শাভেজ এ নিয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ম্যানুয়েল রোজালেসও পরাজয় স্বীকার করেছেন।
রবিবারের নির্বাচনের পরপরই ভাবা হচ্ছিল, শাভেজ পরবর্তী ছয় বছরের জন্য আবারো নির্বাচিত হচ্ছেন। সোমবার সকাল পর্যন্ত মোট ভোটের ৭৮ ভাগ গণনা শেষ হয়। তাতে দেখা যায়, শাভেজ পেয়েছেন শতকরা ৬১ ভাগ ভোট, আর রোজালেস পেয়েছেন ৩৮ ভাগ। ধারণা করা হচ্ছে, এবার শাভেজ আরো বেশি ব্যবধানে বিজয়ী হবেন।
“বিপ্লব দীর্ঘজীবী হোক, সাম্রাজ্যবাদ নিপাত যাক”-এরকম স্লোগানে স্লোগানে মুখরিত এখন কারাকাসের প্রেসিডেন্ট ভবন ও এর আশপাশ। ভবনের সামনে নেচে গেয়ে উৎসবের আমেজে রয়েছেন শাভেজ সমর্থকরা। লাল পোশাক পরে শাভেজ নিজেও শরিক হন সমর্থকদের বিজয় উৎসবে। নির্বাচনে বিজয়ী হচ্ছেন, তা নিশ্চিত হওয়ার পর ভবনের বেলকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন তিনি। তার পর এক সংক্ষিপ্ত ভাষণে বললেন, “আমাদের এই বিজয় সেই শয়তানটার জন্য পরাজয়, যে সারাবিশ্বের ছড়ি ঘোরাতে চায়।” বামপন্থী হুগো শ্যাভেজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ‘শয়তান’, ‘মাতাল’, ‘গর্দভ’ বলেই সচরাচর সম্বোধন করে থাকেন।
এদিকে ম্যানুয়েল রোজালেস তার পরাজয় স্বীকার করে বলেছেন, “হারলেও আমাদের লড়াই অব্যাহত থাকবে”।
