ম্যারাথন দৌড়বিদদের ত্বক ক্যান্সারের ঝুঁকি বেশি
ম্যারাথন দৌড়বিদদের ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। বেশি সময় রোদে থাকা অথবা অতিরিক্ত অনুশীলনের কারণে রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়াই হয়তো এর কারণ। সোমবার অস্ট্রিয়ার গ্রাজ মেডিকেল ইউনিভার্সিটির একদল গবেষক এ তথ্য দেন।
গ্রাজ’এর ড. ক্রিস্টিনা অ্যামব্রোজ রুডলফ এবং তার সহকর্মীরা ২১০ জন নারী ও পুরুষ ম্যারাথন দৌড়বিদ এবং ২১০ জন সাধারণ নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে আসেন। তারা ম্যারাথন দৌড়বিদদের শরীরে অনেক বেশি জরুল বা তিল দেখেন যা স্বাভাবিক তিল বা জরুলের চেয়ে বড়। এছাড়া, তাদের যকৃতে সাধারণের চেয়ে বেশি ছোটো-বড় বিভিন্ন ধরনের স্পট পাওয়া যায়।
দৌড়বিদদের ত্বকে বেশি মাত্রায় জরুল বা তিল এবং যকৃতের স্পটই ত্বক ক্যান্সারের ঝুঁিক বাড়িয়ে দেয়– জানান গবেষকরা।
ম্যালিগন্যান্ট মেলানোমা এবং নন মেলানোমা-এই দু’ ধরনের ক্যান্সারেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে দৌড়বিদদের। শরীরের কোষে মেলানোমা সৃষ্টি হয়ে পিগমেন্ট তৈরি হয়। এভাবেই ত্বক ক্যান্সার তৈরি হয়ে রোগী মৃত্যুর দিকে ঢলে পড়ে।
‘আর্কাইভস অব ডার্মাটোলজি’ জার্নালে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেন ক্রিস্টিনা অ্যামব্রোজ রুডলফ এবং তার দল।
তবে কীভাবে ত্বক ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবেন ম্যারাথন দৌড়বিদরা সে পথও বাতলে দিয়েছেন তারা। সূর্যের আল্ট্রা-ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে হলে তাদের ব্যবহার করতে হবে সানস্ক্রিন এবং পরতে হবে যথাযথ পোশাক।
