২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনও জড়িয়ে আছে লালফিতায়

বৃটেনও আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে আছে লাল ফিতায়। ছাগলের কানে ট্যাগ লাগানোর সঠিক উপায় কী; গাছ থেকে কনকার ফল ঝড়ে পড়লে কী কী বিপদ হতে পারে–এরকম সবকিছু নিয়েই আছে সরকারি খবরাদারির লম্বা ফিরিস্তি। রস ক্লার্ক নামের এক লেখক তার বইতে এসব তুলে ধরে বলেছেন, ব্রিটেন এরকম মাইল-মাইল লম্বা লাল ফিতার শাসনে নিষ্পেষিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ক্লার্কের মতে সরকারের মাত্রাতিরিক্ত নিয়ম-নীতির মধ্যে পড়ে খাবি খাচ্ছে ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো; উপায়ান্তর না দেখে আইন ভাঙ্গছে লোকজন।

রয়টার্সকে ক্লার্ক বলেন, ‘আইন সহজ ও সরল হলে তা সাধারণত লোকজন মেনে চলে। কিন্তু কঠিন সব আইনের ঘেরাটোপে বন্দি হয়ে থাকা দিন দিন কঠিন হয়ে উঠছে ব্রিটিশদের জন্য।’

ক্লার্ক তিন বছর ধরে ব্রিটিশ সমাজের অদ্ভুত সব নিয়মকানুন সংগ্রহ করে তুলে ধরেছেন তার ‘হাউ টু লেবেল অ্যা গোট’ বইতে। বইর নামটিও তিনি নিয়েছেন ওয়েলশ’এর একটি বিধিমালা থেকে। ওই বিধিমালার শিরোনাম ‘দ্যা শিপ অ্যান্ড গোটস (রেকর্ডস, আইডেনটিফিকেশন অ্যান্ড মুভমেন্ট) অর্ডার ২০০৬’। এই রেগুলেশনের ৪০ পৃষ্ঠারও বেশি জুড়ে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে কীভাবে গবাদিপশুর গায়ে টাট্টু এঁকে বা কানে লেবেল লাগিয়ে সেগুলোর পরিচয় নিশ্চিত করতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গবাদি পশু নিয়ে যাওয়ার সঠিক উপায়সমূহ কী তা নিয়েও রয়েছে বিস্তারিত বর্ণনা।

ক্লার্ক লালফিতার দৌরাত্ম্যের যে বর্ণনা দিয়েছেন তার কয়েকটি–

-যে সেনারা ব্যাগপাইপার বাজনা শিখছে তাদের দিনে ২৪ মিনিটের বেশি বাজানো নিষিদ্ধ কারণ তাতে তাদের কানের ক্ষতি হয়!

-হাতে রং ভর্তি একটি টিন থাকায় ‘স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি’ লঙ্ঘনের অজুহাতে পেনশনভোগী এক কার্ডিফকে বাসে উঠতে দেওয়া হয়নি। বাস কোম্পানি পরে ক্ষমা চেয়ে নিয়ম শিথিল করার প্রতিশ্রুতি দেয়।

-ব্যবসা প্রতিষ্ঠানের কর পরিশোধের জন্য বিভিন্ন রকম ফর্মের সংখ্যা ২৯৭টি। প্রশ্নের সংখ্যা ৬ হাজারেরও বেশি।

-গাড়িতে শিশু আসনের ক্ষেত্রে নতুন বিধিমালা বর্ণিত হয়েছে ১৮টি পৃষ্ঠায়। আর রাস্তায় বাস লেনের রেগুলেশনের বর্ণনায় লেগেছে মাত্র ২৭ পৃষ্ঠা!

-ব্রিস্টল সিটি কাউন্সিল ১০০টি ইউ গাছ তুলে ফেলতে ব্যয় করে ৫ হাজার পাউন্ড। তোলার কারণ হচ্ছে: কর্তৃপক্ষ ‘ঝুঁকি ফ্যাক্টর’ পর্যালোচনা করে বলেছে, গাছগুলোর পাশে শিশুদের একটি খেলার মাঠ আছে। খেলতে এসে শিশুরা এই গাছের পাতা খেয়ে ফেললে তাদের ক্ষতি হতে পারে!

-নরউইক সিটি কাউন্সিল রাস্তার পাশের ২০টি হর্স চেস্টনাট গাছ কেটে ফেলার নির্দেশ দেয়। তাদের যুক্তি ছিল: ওই গাছের কনকার ফল পড়ে গাড়ির ক্ষতি হতে পারে; ফুটপাত পিচ্ছিল হয়ে ফল কুড়োতে আসা শিশুরা আছাড় খেতে পারে। তবে গাছগুলোর কপাল ভাল। পৃথিবীব্যাপী এ নিয়ে হাসাহাসি শুরু হলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পাল্টায়।

-এ বছরেই মে মাস পর্যন্ত সরকার বিধি প্রণয়ন করেছে ৩ হাজার ৬ শটি, লেগেছে ৯৮ হাজার পৃষ্ঠা যা ‘ওয়ার এন্ড পিস’ উপন্যাসের চেয়ে ৭০ গুন বেশি।

ক্লার্ক লালফিতার এই কাহিনী তুলে ধরে বলেছেন “বোঝা কমানোর উপায় শিখতে বৃটেনের উচিত নেদারল্যান্ডের দিকে তাকানো। ডাচরা মেনে চলে ‘একটি ঢুকলে আরেকটি বাদ দেওয়ার’ নীতি। নতুন একটি বিধির জন্য পুরনো একটি তারা বাদ দেয়।”