জীবপ্রযুক্তির ‘ভয়াবহ’ হুমকি নিয়ে আনানের সতর্কবাণী
দ্রুত বর্ধনশীল জীবপ্রযুক্তির সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব কফি আনান।
শনিবার সেন্ট গ্যালেনে বক্তব্য রাখাকালীন তিনি সতর্ক করে বলেন, সম্প্িরত জিনের বৈশিষ্ট পরিবর্তন ও অনুজীব নিয়ে কাজ করাসহ জীবপ্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে তা ভুল ব্যক্তির হাতে পড়লে ‘ভয়াবহ’ হুমকির সৃষ্টি হতে পারে।
এ সঙ্কট মোকাবেলায় তিনি বিশ্ব জুড়ে একটি রক্ষাব্যুহ তৈরির আহ্বান জানান।
তিনি বলেন, “জীবপ্রযুক্তি খাতে গবেষণা সম্প্রসারিত হওয়ার সাথে সাথে তা আরও সহজে মানুষের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এর সাথে সাথে আনুপাতিক হারে বাড়ছে দুর্ঘটনা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার ঘটনা। এমনকি এ সম্পর্কে কিছু জানে না এমন কেউ ছোট আকারের গবেষণাগারে বসে জিনের বৈশিষ্ট পরিবর্তনের মতো কাজ করে ফেলতে পারে।”
আনান এর আগে মে মাসে জৈব সন্ত্রাসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের আহ্বান জানিয়েছিলেন।
তখন তিনি বলেন, এ ধরনের সন্ত্রাস রুখতে বর্তমানে প্রচলিত চুক্তিগুলো দুর্বল। আর এক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, সুইস বিশ্ববিদ্যালয় আনানকে সম্প্রতি ম্যাক্স সিমিডেনি ফ্রিডম প্রাইজে দেয়। পুরস্কার গ্রহণের জন্য তিনি বর্তমানে সেদেশে অবস্থান করছেন।
