শীর্ষ সুন্নী ধর্মগুরুকে ইরাকি সরকারের গ্রেপ্তারের নির্দেশ
ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার দেশের শীর্ষ সুন্নী ধর্মগুরুকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন করার অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে বলে সরকার জানায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জাওয়াদ আল-বোলানি মুসলিম ক্লেরিকস অ্যাসোসিয়েশনের প্রধান হারিস আল-দরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানান।
সম্প্রতি শিয়া নেতারা অভিযোগ তোলেন, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দরি সহিংসতার পক্ষে কথা বলেছেন।
তারা আরও বলেন, দরি যেন ইরাকে আল কায়েদার আক্রমণকেই সমর্থন করেছেন।
তবে দরি সম্প্রতি বিদেশে সফরে যাওয়ার পর এখনও দেশে ফিরেছেন কিনা তা জানা যায়নি।
সুন্নী অধ্যুষিত পশ্চিম বাগদাদে বেশ কিছু শিয়া বাসযাত্রীকে অপহরণ এবং সন্দেহভাজন শিয়া সামরিক বাহিনীর সদস্যরা শিক্ষা মন্ত্রণালয় ভবন থেকে কর্মীদের অপহরণ করে নির্যাতন ও হত্যার ঘটনার একদিন পরে এ আদেশ দেওয়া হয়।
