জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত আমিই থাকব: বোল্টন
জাতিসংঘে নিজ পদে আসীন থাকার ব্যাপারে সিনেটের সমর্থন পাবেন বলে বিশ্বাস করেন বিশ্ব সংস্থাটির মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন।
বুধবার বোল্টন বলেন, ডেমোক্রেট ও এক গুরুত্বপূর্ণ রিপাবলিকান সদস্যের বিরোধিতা সত্ত্বেও সিনেটে ভোটের আয়োজন হলে তিনি ওই পদে বহাল থাকার ব্যাপারে পূর্ণ সমর্থন পাবেন বলে বিশ্বাস করেন।
গত বছর সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি বোল্টনকে ওই পদের জন্য আবারও মনোনয়ন দেওয়ার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নেয়।
তবে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ৬ জানুয়ারি ২০০৭ সাল পর্যন্ত তাকে অস্থায়ীভিত্তিতে ওই পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন। ওই দিনের মধ্যেই রিপাবলিকান দলের নেতৃত্বাধীন বর্তমান কংগ্রেস বিলুপ্ত হওয়ার কথা রয়েছে। তবে বুশ আবারও ওই পদের জন্য তার নাম প্রস্তাব করেছেন।
