২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় রাজি ইরান

ইরাক নিয়ে আমেরিকার সাথে আলোচনার যেকোন প্রস্তাব বিবেচনা করে দেখবে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসেইনি একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এর আগে ইরাক ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরান ও সিরিয়াকে আলোচনায় অন্তর্ভুক্ত করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায় ব্রিটেন ও অস্ট্রেলিয়া।

একইদিনে ইরাক নীতির বিকল্প খুঁজতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একটি দ্বি-দলীয় প্যানেলের সাথে বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসেইনি রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের সাথে আলোচনা চায় তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে হবে তাদের। তাদের যেকোন প্রস্তাব বিবেচনা করে দেখবে ইরান।

এর আগে ইরাকে সহিংসতা কমানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ইরান ও সিরিয়াকে অন্তর্ভুক্ত করতে সোমবার আমেরিকার প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড তাকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের ঘণিষ্ঠ মিত্র দেশ দুটির এ আহ্বানের পরই ইরাক ইস্যুতে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানালো ইরান। এর আগে আমেরিকার ইরাক নীতিতে পরিবর্তনকে স্বাগত জানানোর কথা বললেও দেশটির সাথে বৈঠকে বসার বিষয়টি নাকচ করে দিয়েছিল ইরান।

অন্যদিকে, আমেরিকার ইরাক নীতিতে সম্ভাব্য বিকল্প খোঁজার জন্য ডেমোক্রেট ও রিপাবলিকানদের একটি দ্বি-দলীয় প্যানেলের সাথে সোমবার বৈঠকে বসার কথা রয়েছে প্রেসিডেন্ট বুশের। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ওই প্যানেলটির সহ-সভাপতিত্ব করছেন।