২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক অধিনায়কদের নিয়ে পিসিবির বৈঠকে ডাক পাননি মিয়াঁদাদ-মালিক

আগামী বিশ্বকাপে দলের কৌশল নির্ধারণ ও দেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে আলোচনার জন্য সাবেক অধিনায়কদের নিয়ে বসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

১৭ নভেম্বর অনুষ্ঠেয় ওই সভায় ২৫ জন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় ডাক পেলেও ডাকা হয়নি সেলিম মালিক ও জাভেদ মিয়াঁদাদকে।

ম্যাচ গড়পেটায় জড়িত থাকার অভিযোগে সেলিম মালিককে ২০০০ সালে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছিল পিসিবি। আর জাভেদ মিয়াঁদাদের ক্ষেত্রে অবশ্য বিষয়টি ভিন্ন। তিনি বোর্ডের কড়া সমালোচক।

পিসিবির এক কর্মকর্তা রোববার সাংবাদিকদের জানান, আমন্ত্রিতদের তালিকায় সেলিম মালিকের নাম নেই।

পিসিবি প্রধান নাসিম আশরাফ সম্প্রতি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারে সেলিম মালিকের আবেদন বোর্ড বিবেচনা করছে। রোববার সেলিম মালিক নাসিম আশরাফের সঙ্গে বিষয়টি নিয়ে দেখাও করেছেন। সেলিম মালিক সাংবাদিকদের বলেন, আমি বারবারই বলে আসছি আমি নিরপরাধ।

সম্প্রতি আইসিসি পাকিস্তানের আরেক সাবেক খেলোয়াড় আতাউর রেহমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সেলিম মালিকের বিষয়টি সামনে আসে। তবে পিসিবি কর্মকর্তারা বলছেন, সেলিম মালিক ও আতাউর রেহমানের বিষয়টি ভিন্ন। আতাউরের বিরুদ্ধে অভিযোগ ছিল শপথ ভঙ্গের এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিষয়টি বিবেচনার জন্য আমাদের জানিয়েছিল। কিন্তু সেলিম মালিকের আবেদনটি এখনও আদালতে ঝুলে আছে।

পিসিবির আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ইমরান খান, আসিফ ইকবাল, মুস্তাক মোহাম্মদ, ওয়াসিম আকরামের নাম রয়েছে।