পান্ডার জন্য যৌনশিক্ষা
দীর্ঘ চার বছর ধরে তারা এক সঙ্গে আছে থাইল্যান্ডের একটি চিড়িয়াখানায়। চীন থেকে ২০০৩ সালে তাদের নিয়ে আসা হয় দেশটির উত্তরাঞ্চলের চিয়াং মাই শহরের চিড়িয়াখানায়।
এরা হচ্ছে দুটি পান্ডা। এর মধ্যে একটি পুরুষ, আর অপরটি নারী। পুরুষ পান্ডাটির নাম চুয়াং চুয়াং, বয়স ৬ বছর। নারী পান্ডা লিন হুই এর বয়স ৫ বছর। এখন সমস্যা দেখা দিয়েছে তাদের প্রজনন দক্ষতা নিয়ে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ধারণা, যৌন সম্পর্ক নিয়ে ভালো জ্ঞান নেই চুয়ায় চুয়াংয়ের। তাই কর্তৃপক্ষ নিতে যাচ্ছে একটি বিশেষ পদক্ষেপ। আগামী মাস থেকেই চুয়াং চুয়াংকে দেখানো হবে পর্নো ভিডিও। আশা করা হচ্ছে, ভিডিও দেখে শিখে তা লিন হুই এর ওপর প্রয়োগ করবে চুয়াং চুয়াং।
চিড়িয়াখানার পান্ডা সংক্রান্ত প্রজেক্টের প্রধান প্রসার্তসাক বানট্রাকুনপুনতাউই শনিবার রয়টার্সকে বলেন, তারা (পান্ডা দুটি) যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি জানে না। তাই আগামী মাস থেকেই বড় পর্দায় চুয়াং চুয়াংকে দেখানো হবে পর্নো ভিডিও। এতে উদ্দীপ্ত হয়ে যেন চুয়াং লিনের প্রতি আকর্ষণ বোধ করে সে কারণেই এ শিক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। ভিডিওটি দেখানোর জন্য বেছে নেয়া হয়েছে রাতের খাবারের পর সময়টি।
সোমবার ওই চিড়িয়াখানায় শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী আন্তর্জাতিক পান্ডা সম্মেলন। সারা বিশ্বের দু’শ’ পান্ডা ও বন্যপ্রাণি বিশেষজ্ঞ ওই সম্মেলনে অংশ নিচ্ছেন।
