উঃ কোরিয়ার পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পেন্টাগনের পরিকল্পনা
উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য জরুরী পরিকল্পনার কাজ পেন্টাগন দ্রুত করে তুলেছে। পিয়ংইয়ং-এর ৯ অক্টোবরের পারমাণবিক পরীক্ষার পর এই পরিকলাপনার কাজ দ্রুত করে তোলা হয় বলে ওয়াশিংটন টাইমস শুক্রবার জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটিতে বলা হয়, যে পরিকল্পনা তৈরি হচ্ছে তার মধে সূনির্দিস্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্র নিক্ষেপ কিংবা কমান্ডো হামলাসহ ইয়ংবিয়নে প্লুটোনিয়াম পূনঃপ্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা চালানোর বিষয়টি রয়েছে।
পত্রিকাটিতে আরো বলা হয়, কয়েক মাস ধরে পরিকল্পনাটি তৈরি করা হচ্ছে।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়ার পারমণবিক পরীক্ষার নিন্দা ও জাতিসংঘ নিষেধাঞ্জার প্রতি চীনের সমর্থন পরিকল্পনার কাজ দ্রুত করে তুলতে বুশ প্রশাসনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
পত্রিকার খবরে বলা হয়, চীনের এই সমর্থনকে আরো আক্রমনাত্মক সামরিক পরিকল্পনা তৈরির গ্রীন লাইট হিসেবে বিবেচনা করছে বুশ প্রশাসন।
পেন্টাগনের এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নির্মূলের জন্য প্রতিরক্ষা দফতর বেশ কিছু সামরিক বিকল্প নিয়ে বিচার-বিবেচনা করছে।
আরেক উর্দ্ধতন প্রতিরক্ষা কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, বুশ প্রশাসন সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে করা প্রতিশ্রুতি পালনের ব্যাপারে দেশ দুটিকে নিশ্চয়তা দিয়েছে। উত্তর কোরিয়াকে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে দক্ষিণ কোরিয়া ও জাপানকে প্রতিশ্রুতি দিয়েছে।
