রাজনীতিতে ফিরে আসতে পারেন থাকসিন
বেইজিং সফররত থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা দেশে ফিরে আবারও রাজনীতিতে অংশ নিতে পারেন।
তবে থাইল্যান্ড থেকে সামরিক শাসন তুলে নেওয়া হলেই কেবল থাকসিন দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তার আইনজীবি নোপ্পাডন পাতামা।
নোপ্পাডন বৃহস্পতিবার বলেন, দেশ থেকে সামরিক শাসন প্রত্যাহার করা হলে একটি নতুন পরিকল্পিত সংবিধানের আওতায় থাকসিন পুনরায় রাজনীতিতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বছর ১৯ সেপ্টেম্বর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা দেশটির ক্ষমতা দখল করে। সংকটময় পরিস্থিতিতে নিরাপত্তার তাগিদে দেশ ছাড়েন থাকসিন। বর্তমানে তিনি তার পরিচিতজন ও বন্ধুদের সাথে সাক্ষাতের জন্য চীনে রয়েছেন।
তবে চীন থেকে থাকসিনের শিগগিরই দেশে ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন তার আইনজীবি নোপ্পাডন।
এদিকে, থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের নায়ক সেনাবাহিনী প্রধান সন্থি বুুনিয়ারাতগ্লিন বৃহস্পতিবার বলেন, ‘থাকসিনের শিগগিরই দেশে ফেরা কেউ মেনে নেবে না। তাছাড়া, দেশে ফিরতে চাইলে তাকে অবশ্যই সামরিক বাহিনীর নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করতে হবে।’
