২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন নাওমি ক্যাম্পবেল

৩৬ বছর বয়সী সুপার মডেল নাওমি ক্যাম্পবেল আবারও স্ক্যান্ডালে জড়িয়ে গেলেন। লন্ডনে এক মহিলার ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 02:59 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশের এক মুখপাত্র একথা জানালেও ক্যাম্পবেলের নাম বলতে তিনি অস্বীকৃতি জানান। কারণ তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

ওই মুখপাত্র জানায়, লন্ডনে নিজ বাসভবনে এক মহিলা হামলার শিকার হয়েছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তারা ওই ঠিকানায় গিয়ে ৩৬ বছর বয়সী এক মহিলাকে গ্রেপ্তার করে লন্ডনের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে নিয়ে আসে।

তবে ক্যাম্পবেলের মুখপাত্র জানিয়েছেন, ‘ক্যাম্পবেল কোন ভুল করেননি’। সান পত্রিকাকে তিনি বলেন, ‘খুব সম্ভবত কোথাও কোন ভুল বুঝাবুঝি হয়েছে। পুলিশ যেহেতু বিষয়টি তদন্ত করছে কাজেই আশা করছি প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

লন্ডনে জন্মগ্রহণকারী ক্যাম্পবেলের বিরুদ্ধে এরকম অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও তিনি তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে এবং নিজের পিতার বিরুদ্ধে অভিযোগ আনাসহ বেশকিছু মুখরোচক ঘটনার জন্ম দিয়েছেন।

মাত্র ১৫ বছর বয়সেই তিনি মডেল হিসেবে পরিচিত হয়ে উঠেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মডেল যিনি একাধারে ব্রিটেন ও ফ্রান্সের ম্যাগাজিনের প্রচ্ছদ তারকা হন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন।