২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সহিংসতা নিয়ন্ত্রণে কৌশল পরিবর্তনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরাকে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণের চেষ্টায় ‘প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন’ আনা হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শনিবার ওয়াশিংটনে ইরাক যুদ্ধ নিয়ে শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক বুশ একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 01:19 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

রিপাবলিকান ও ডেমক্র্যাট উভয় দল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরাক কৌশল পর্যালোচনার জন্য বুশের ওপর চাপ দিচ্ছে। তবে বুশ বলছেন ইরাকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে তিনি সরে আসবেন না।   

তবে শনিবারের নিয়মিত সাপ্তাহিক বেতার ভাষণে বুশ স্বীকার করেন, ইরাকে সাম্প্রতিককালে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে।

বুশ তার বেতার ভাষণে বলেন, ‘আমরা সবসময় নমনীয় পথটাই বেছে নেব। ইরাকে সহিংসতা দমনে প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করবো না।’

এদিকে, নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, ইরাকে চলমান সংকট ও জাতিগত দাঙ্গা নিরসনে একটি কার্যপরিকল্পনা প্রস্তুত করছে বুশ প্রশাসন। এটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। তবে বুশ প্রশাসনের মতে প্রথমেই ইরাকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ইরাক সরকারের প্রধান কাজ। হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র নিকোল গিলেমার্ড বলেন, ইরাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় কৌশলগত যুদ্ধের নীতি ও পরিকল্পনায় বেশকিছু রদবদল আনা হবে।

বুশ শনিবার ইরাক ইস্যুতে ৯০ মিনিটের একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড, হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইরাকে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকতারা।

ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জন আবিজেইদ ওই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। তিনি ইরাকের বর্তমান আইন--শৃঙ্খলার অবস্থা ও সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

ইরাকে দাঙ্গা ও সহিংসতার পেছনে কাদের হাত রয়েছে, তারা আসলে কী চায়, ইরাক এখন কি কি চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক কিভাবে অগ্রসর হলে দাঙ্গা দমন সম্ভব হবে এবং ইরাক যুদ্ধে সফলতা কিভাবে নিশ্চিত করা যায় যা ইরাক ও যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজন- এসব বিষয় নিয়েই অংশগ্রহণকারীরা আলাপ--আলোচনা করেন বলে জানান গিলেমার্ড।

তবে তিনি বলেন যে, যুক্তরাষ্ট্র কতোদিন ইরাকি সরকারকে সমর্থন দেবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী ডায়ানে ফারেল বেতারে প্রচারিত এক বার্তায় বলেন, ইরাকে আগ্রাসন এবং পরে কৌশলগতভাবে ভুল যুদ্ধ পরিচালনা করে বুশ ও তার রিপাবলিক দল আসলে স্থূল বুদ্ধিরই পরিচয় দিয়েছেন।

উল্লেখ্য, ইরাক যুদ্ধে বিকল্প কৌশল অবলম্বনের জন্য বিভিন্ন সুপারিশ ও প্রস্তাব অনুমোদনে একটি প্যানেল তৈরি করা হয়েছে। এই প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন বুশের পারিবারিক বন্ধু এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেমস বেকার।