ইরাক নিয়ে প্রচারণা কার্যক্রম বৈধ ছিল: পেন্টাগন
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরাকিদের ভালো ধারণা দেওয়ার জন্য সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যমকে অর্থ যোগাতে এক ঠিকাদারকে নিয়োগ দেওয়ার বিষয়টি আইনগতভাবে সঠিক ছিল বলে দাবি করেছেন পেন্টাগনের মহাপরিদর্শক।
তার তদন্তের সাপেক্ষে গোপন নথিপত্রের একটি সারাংশ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে বলা হয়,‘আমরা এই সিদ্ধান্ত পৌঁছেছি যে, ইরাকে অবস্থানরত যৌথবাহিনী ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ইরাকিদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে একজন ঠিকাদারকে নিয়োগ দেওয়া এবং নিজেদের সম্পর্কে তথ্য প্রচার করতে সংবাদপত্রকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে যথাযথ আইন ও বিধিমালা মেনে চলেছে।
গত বছর নভেম্বর মাসে লস এঞ্জেলেস টাইমস অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রচারণা চালানো নিয়ে খবর প্রকাশ করার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়।
এ বছর গোড়ার দিকে পেন্টাগন নিশ্চিত করে, ‘তথ্য লড়াই’ টাস্কফোর্সের সেনারা ইরাক অভিযান নিয়ে ইতিবাচক লেখা লিখছে এবং এগুলো আরবিতে অনূদিত হয়ে টাকার বিনিময়ে ইরাকের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ওয়াশিংটনভিত্তিক লিঙ্কন গ্র“প এসব নিবন্ধ লিখতে সাহায্য করে।
