২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার প্রতি আবারো বুশের হুঁশিয়ারি

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র বিক্রির চেষ্টা করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে আবারো হুঁশিয়ার করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুশ আরো বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরি থেকে নিবৃত্ত করতে কোনো পদক্ষেপ নিতেই দ্বিধা করবেনা তার দেশ।

উত্তর কোরিয়ার পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে অবরোধসহ অন্যান্য চাপ প্রয়োগের বিষয়ে সমর্থন আদায়ে একজন মার্কিন শীর্ষ কূটনীতিবিদ এ মুহূর্তে সিউলে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার এশিয়া সফর শুরু করেছেন।

জাতিসংঘের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার মালবাহী জাহাজ ও কার্গোতে জোর তল্লাশি চালানোর বিষয়টিতে মতপার্থক্য নিরসন এবং উত্তর কোরিয়া যাতে দ্বিতীয় দফা পরমাণূ অস্ত্রের পরীক্ষা চালাতে না পারে সে বিষয়ে ব্যাপক কূটনৈতিক সমর্থন আদায়ের জন্য তিনি এশিয়া সফর করছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়ার ওপর বেশ চাপ সৃষ্টি করবেন রাইস। দক্ষিণ কোরিয়ার সাথে রয়েছে উত্তর কোরিয়ার বিভিন্ন ধরনের লেনদেন ও ব্যবসা বাণিজ্য। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সাথে সবধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার হুমকি দিলে বা বন্ধ করে দিলে বেশ সংকটেই পড়ে যাবে দেশটি। আর উত্তর কোরিয়াকে কঠোর শাস্তি দিতে এই পথটিই বেছে নিতে চায় যুক্তরাষ্ট্র।

বুশ অবশ্য উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে সৃষ্ট অচলাবস্থা ও সংকট উত্তরণে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন।  নিরাপত্তা পরিষদের অনুমোদিত অবরোধ বাস্তবায়িত হলে উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম বন্ধে বাধ্য হবে কিনা সে বিষয়ে যথেষ্ট মত পার্থক্য রয়ে গেছে জানালেন বুশ।